করাচি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান: ফ্রম কনফ্লিক্ট টু কো-অপারেশন গ্রন্থের লেখক মুনিস আহমার ৫ মার্চ দৈনিক ডন-এ লিখেছেন ‘বাংলাদেশ অ্যান্ড ১৯৭১ সিনড্রোম’ শিরোনামে এক নিবন্ধ। সেটির অংশবিশেষ:‘শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার (আইসিটি) সিদ্ধান্ত নিয়েছে এবং সামরিক অভিযান চলাকালে বাঙালিদের ওপর পরিচালিত “গণহত্যায়” পাকিস্তানি সেনাবাহিনীর “সহযোগীদের” বিচার করছে, সেই প্রশ্ন অবশ্যই উত্থাপন করতে হয়।...‘১৯৭১ সালের ঘটনাবলি থেকে বাংলাদেশ নিজেকে বিচ্ছিন্ন করতে অক্ষম প্রধানত তিনটি কারণে। প্রথমত, পাকিস্তানবিরোধী রেটরিক, যা বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। জনগণকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মূল্য স্মরণ করিয়ে দেওয়ার জন্য ১৯৭১ সালের পর থেকে বিভিন্ন শাসক এই রেটরিক ব্যবহার করেছেন। ১৬ ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস হিসেবে উদ্যাপিত হয়। আসলে বাংলাদেশের অধিকাংশ জাতীয় দিবসের মূলেই রয়েছে পাকিস্তানবিরোধী রেটরিক।‘দ্বিতীয়ত, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী কয়েকটি রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ ১৯৭১ সালকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের উপযোগী বলে বিবেচনা করে। দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুঃশাসনের মতো “বাস্তব বিষয়াবলি” থেকে জনগণের মনোযোগ সরিয়ে নিতে আওয়ামী লীগ সরকার টার্গেট করেছে কথিত “যুদ্ধাপরাধীদের”।‘শেষত, পশ্চিম পাকিস্তান-নিয়ন্ত্রিত বিভিন্ন শাসক কর্তৃক আরোপিত নিপীড়নমূলক ও অসম সম্পর্কের যন্ত্রণা বাংলাদেশের জনগণের মনে পাকিস্তানবিরোধী অনুভূতি তৈরি করেছে, যা পাকিস্তানের কাছ থেকে দেশটির স্বাধীনতার ৪১ বছর পরও অক্ষুণ্ন রয়েছে। ১৯৭১ সালের সামরিক অভিযান বাঙালি জনগণকে পাকিস্তানের সাবেক পূর্বাংশ থেকে চিরতরে পৃথক করে এবং বাংলাদেশের জাতীয় পরিচয়ের উেস পরিণত হয়। ধারণা করা হয়, বাংলাদেশে কোনো সরকারই নিজেদের ১৯৭১ সালের ঘটনাবলি থেকে আলাদা করে রাখতে পারবে না। কারণ, এসব স্মৃতি বাঁচিয়ে রাখার ওপর দেশটির অস্তিত্ব অনেকাংশে নির্ভর করে।...‘১৯৭১ সালে সংঘটিত বাড়াবাড়ির কারণে পাকিস্তান দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশের কাছে, তবে এখন পর্যন্ত পূর্ণ ক্ষমা প্রার্থনায় অস্বীকৃতি জানিয়েছে। অতএব, ১৯৭১ সালের ইস্যুটি বাঁচিয়ে রাখার একটি কৌশল হলো যুদ্ধাপরাধের কথিত বাঙালি সহযোগীদের বিচার করা, যাঁরা প্রাথমিকভাবে জামায়াতে ইসলামীর শাখা আলবদর ও আলশামসের সঙ্গে জড়িত ছিলেন।‘১৯৭১ সিনড্রোম মোকাবিলার জন্য একটি বিশ্বাসযোগ্য উপায় হতে পারে মিলমিশের (রিকনসিলিয়েশন) লক্ষ্যে ১৯৭১ সালের সামরিক অভিযানে পাকিস্তানি বাহিনী কর্তৃক সংঘটিত বাড়াবাড়ি এবং সশস্ত্র বাঙালি ও মুক্তিবাহিনী কর্তৃক পূর্ব পাকিস্তানে অবাঙালিদের হত্যার পুঙ্খানুপুঙ্খ তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন করা। কমিশনটির নাম হতে পারে বাংলাদেশ-পাকিস্তান ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, যা বাংলাদেশ ও পাকিস্তানে ১৯৭১ সালের ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করবে এবং দক্ষিণ এশীয় দুটি দেশের সম্পর্ক উন্নয়নেও সাহায্য করবে।’