বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য রফিকুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রফিকুল হক। তিনি বিশ্ববিদ্যালয়ের সেচ ও পানিব্যবস্থাপনা বিভাগের শিক্ষক।রাষ্ট্রপতি জিল্লুর রহমানের আদেশক্রমে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।এদিকে বাকৃবিতে আগামী রোববার পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। গতকাল সোমবারের ঘটনায় জড়িত ছাত্রদের শাস্তির দাবিতে শিক্ষক সমিতি প্রশাসনকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এদিকে ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে প্রথম আলোকে জানান, বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সোয়া তিনটা পর্যন্ত মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের গ্যালারিতে শিক্ষক সমিতির পূর্বনির্ধারিত সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী রোববার পর্যন্ত সব ক্লাস বর্জনের সিদ্ধান্ত হয়। তবে পূর্বনির্ধারিত ফাইনাল পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।অন্যদিকে ছাত্রলীগ বিকেল তিনটার দিকে বাকৃবি সাংবাদিক সমিতির সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান। তিনি দাবি করেন, ভাঙচুরসহ শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ছাত্রলীগ কোনোভাবেই জড়িত নয়। বাকৃবি ছাত্রলীগ প্রক্টরের বাসভবনে হামলার অভিযোগ খতিয়ে দেখতে গত সোমবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ক্যাম্পাসের বিরাজমান পরিস্থিতিতে ছাত্রলীগের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নজিবুর রহমান প্রথম আলোকে বলেন, পশুপুষ্টি বিভাগের অধ্যাপক মো. জসিমউদ্দিন খানকে সভাপতি, সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ শামছুদ্দিনকে সদস্য এবং অ্যাকোয়াকালচার বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাজ্জাদ হোসেনকে সদস্যসচিব করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।