বাংলাদেশ ক্রিকেট দল আপাতত পাকিস্তান যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব শঙ্কার আপাতত অবসান হলো। এই জানুয়ারিতে পাকিস্তান সফরে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর মধ্যেই এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।গতকাল সোমবার রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠিত ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিসিবির সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন এ তথ্য। মূলত পাকিস্তানে বিরাজমান অনিরাপদ পরিস্থিতির কারণেই বিসিবি এ সিদ্ধান্ত নিয়েছে। এদিকে বিসিবির এ সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পিসিবি।বিসিবির সভাপতি বলেন, ‘যাব না, এটা আমরা বলছি না। আমরা তাদের কাছে (পিসিবি) প্রতিশ্রুতিবদ্ধ। তবে পাকিস্তানের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ নেই। যেহেতু সেখানে সহিংস ঘটনা ঘটছে এবং এ সফর নিয়ে সবাই আতঙ্কিত, সেহেতু আমরা মনে করি, এই মুহূর্তে পাকিস্তানে যাওয়াটা সমীচীন হবে না।’বোর্ড সভাপতির মতে, ক্রিকেটারদের নিরাপত্তাই সবার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত।নাজমুল হাসান বলেন, ‘সার্বিক পরিস্থিতি বর্ণনা করে তিন দিন আগে আমরা তাদের (পিসিবি) এ বিষয়ে চিঠি দিয়েছি। চিঠিতে আমরা বলেছি, এ মুহূর্তে যাওয়াটা ঠিক হবে না। যদি সেখানকার পরিস্থিতির উন্নতি হয়, তখন যাওয়ার ব্যাপারে যোগাযোগ করব।’ সফরের নতুন কোনো প্রস্তাবিত সময় চিঠিতে উল্লেখ করা হয়নি বলে জানান তিনি।আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, গত এপ্রিলে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। পাকিস্তানে নিরাপত্তা-ঝুঁকির কারণে সফরটি তখন না হলেও গত ৮ অক্টোবর আইসিসির সভা চলাকালে বিসিবিকে সফরের ব্যাপারে চাপ দেয় পাকিস্তান। সাবেক বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামালের আইসিসির সহসভাপতি হওয়ার বিষয়টি যেহেতু অনেকটাই পাকিস্তানের সম্মতির ওপর নির্ভর করছিল, তাই ডিসেম্বরে পাকিস্তান সফরের বিষয়ে তাৎক্ষণিকভাবে লিখিত প্রতিশ্রুতি দেন তিনি। পরে বিসিবি থেকেই সফরের সময়সূচি নেওয়া হয় জানুয়ারিতে (২০১৩)। সর্বশেষ প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ১২ ও ১৩ জানুয়ারি লাহোরে পাকিস্তান দলের বিপক্ষে একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের।পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্তটিকে সবাই সাধুবাদ জানালেও সফরের ব্যাপারে পিসিবিকে লিখিত প্রতিশ্রুতি কেন দেওয়া হয়েছিল, সেই প্রশ্ন ওঠে মতবিনিময় অনুষ্ঠানে। বিসিবির সভাপতি পাশ কাটিয়ে যেতে চাইলেন প্রসঙ্গটি। বললেন, ‘প্রতিশ্রুতি যিনি দিয়েছেন বা তখন যাঁরা বোর্ডে ছিলেন, এ ব্যাপারে তাঁরাই ভালো বলতে পারবেন। আমার ধারণা, এর পেছনেও নিশ্চয়ই কোনো যুক্তি ছিল।’ নাজমুল হাসান বলেন, ‘আমি এখানে কোনো ব্যক্তিস্বার্থ দেখছি না। আইসিসির সহসভাপতি হওয়াটা আমাদের জাতীয় অর্জন। এর চেয়ে বড় কিছু আর কী হতে পারে?’পিসিবিকে দেওয়া প্রতিশ্রুতির ব্যাপারে কাল অবশ্য নতুন একটি তথ্য দিয়েছেন বিসিবির সভাপতি। তাঁর দাবি, প্রতিশ্রুতিটি ছিল নিঃশর্ত! আইসিসিও সে কারণেই বিষয়টা নিয়ে নীরব। ‘আমরা আইসিসির সভায় পাকিস্তান সফরের প্রতিশ্রুতি দিয়েছি এবং তা সভার কার্যবিবরণীতেও উল্লেখ আছে। ওই প্রতিশ্রুতি ছিল নিঃশর্ত। আইসিসি যদি সিরিজের জন্য ম্যাচ অফিশিয়াল না-ও পাঠায়, তার পরও আমরা না যাওয়ার কথা বলতে পারব না।’ বললেন নাজমুল হাসান।বিসিবির সভাপতি বলেন, ‘সফরে না গেলে আমরা হয়তো অনেক কিছুতেই পাকিস্তানের সমর্থন পাব না। ভবিষ্যতে আইসিসিতে কোনো বিষয়ে আমাদের যদি কারও সমর্থনের প্রয়োজন হয়, তখন পাকিস্তানের তরফ থেকে তা পাব কি না, জানি না।’বাংলাদেশ দল সফরে না গেলে আসন্ন বিপিএলে পাকিস্তানের খেলোয়াড়দের খেলতে না দেওয়ার একটা হুমকি এর মধ্যেই দিয়ে রেখেছে পাকিস্তান। তবে সভায় উপস্থিত বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ও বিপিএলের প্রধান আফজালুর রহমান সিনহা একে বড় সমস্যা মনে করছেন না। তিনি বলেন, ‘আসলে কেউ-ই অপরিহার্য নয়। পাকিস্তান খেলোয়াড় না দিলেও আমরা খেলা চালিয়ে যাব।’ তবে তিনি এ-ও বলেন, ‘এখন জনগণ মানববন্ধন করছে, বাংলাদেশ দল যেন পাকিস্তানে না যায়। কিন্তু যখন বিপিএলে পাকিস্তানের খেলোয়াড়েরা আসবে না, তখন হয়তো তারাই আবার আমাদের মন্দ বলবে।’পিসিবি প্রধানের ক্ষুব্ধ প্রতিক্রিয়া: এদিকে ক্রিকইনফো জানিয়েছে, বিসিবির সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পিসিবির প্রধান জাকা আশরাফ। তিনি বলেছেন, প্রস্তাবিত সফর থেকে আরও একবার পিছু হটায় বিসিবির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্বিবেচনা করবে পিসিবি। যারা কথা দিয়ে কথা রাখে না, পাকিস্তান তাদের জন্য নিজেদের স্বার্থ বিসর্জন দেবে না।