বাংলাদেশ গণতন্ত্র, সমতা ও ন্যায়বিচার সমুন্নত রাখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা অনুযায়ী সমতা, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার, সামগ্রিক উন্নয়ন ও আইনের শাসনের নীতি সমুন্নত রাখার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ শনিবার আয়োজিত দেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বিদেশি বন্ধু ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ব আজ মধ্যপন্থা ও সহিঞ্চুতা চর্চার আধুনিক ও সামপ্রদায়িক সমপ্রীতির দেশ হিসেবে বাংলাদেশকে চেনে। আপনাদের প্রত্যাশা অনুযায়ী আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করছি, যার জন্য আপনারা ১৯৭১ সালে আমাদের সমর্থন দিয়েছিলেন।’বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আন্তরিক সমর্থন ও সহযোগিতার জন্য সরকার ২০১১ সালে পাঁচ শতাধিক বিদেশি বন্ধু ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী এ পর্যায়ে আজ ৬০ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রমাণ করতে চাই, যে বিশ্বাস ও আস্থা আপনারা আমাদের ওপর অর্পণ করেছিলেন, তা আমরা যথাযথভাবে পালন করতে পেরেছি। আমরা বিশ্বাস করি, এ অর্জনে আমাদের বিদেশি বন্ধুরাও সমান অংশীদার।’ তিনি বলেন, ‘আজকের এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আপনাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতি জাতির গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই মহান সমাবেশ প্রমাণ করে আমাদের মধ্যে যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়েছিল, তা আমরা কতটা গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করি।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। আপনাদের উপস্থিতি ১৯৭২ সালের সেই ভয়াবহ দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে এবং একই সঙ্গে আমরা পুনরায় আশ্বস্তও হচ্ছি।’ বাসস।