বাংলাদেশ গণিত দল দেশে ফিরেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) একটি ব্রোঞ্জপদক ও তিনটি অনারেবল ম্যানশন অর্জন করা বাংলাদেশ গণিত দল গত বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছে। রাত সাড়ে আটটার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দলটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।বিমানবন্দরে গণিত দলের পাঁচ সদস্য, দলনেতা ও উপদলনেতাকে ফুল দিয়ে স্বাগত জানান হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার এবং গণিত অলিম্পিয়াড স্বেচ্ছাসেবকদের (মুভার্স) একটি দল। বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন খুদে গণিতবিদদের পরিবারের সদস্যরা।কাজাখস্তানের রাজধানী আস্তানায় গত ৪ থেকে ১৪ জুলাই পর্যন্ত ৫১তম আইএমও অনুষ্ঠিত হয়। এবার ষষ্ঠবারের মতো আইএমওতে অংশ নেয় বাংলাদেশের খুদে গণিতবিদেরা। ২০০৯ সালে আইএমওতে বাংলাদেশ দল দুটি ব্রোঞ্জ ও তিনটি অনারেবল ম্যানশন লাভ করেছিল।বিমানবন্দরে বাংলাদেশ গণিত দলের দলনেতা মাহবুব মজুমদার বলেন, ‘আমাদের ছেলেমেয়েদের প্রস্তুতি বেশ ভালো ছিল। বিগত বছরগুলোতে ক্রমশ ভালো করতে থাকা এই মেধাবী লড়াকুদের নিয়ে তাই প্রত্যাশাটাও একটু বেশি ছিল।’ তিনি মনে করেন, ক্রমাগত অংশগ্রহণের ফলে যে যোগ্যতা বাংলাদেশের শিক্ষার্থীরা অর্জন করছে, তা আগামী আইএমওগুলোতে কাজে লাগবে।বাংলাদেশ দলের পক্ষে তারিক আদনান ২০ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জপদক লাভ করেছে। এক পয়েন্টের জন্য সে রৌপ্যপদক পায়নি। দলের বাকি চার সদস্যের মধ্যে হক মুহাম্মদ ইশফাক ১৩, কাজী হাসান জুবায়ের ১২, নাফিজা আনজুম ৭ পয়েন্ট পেয়ে অনারেবল ম্যানশন লাভ করে। দলের অন্য সদস্য প্রাণন রহমান খান দুই পয়েন্ট পায়। এদের মধ্যে তারিক চতুর্থবার, ইশফাক তৃতীয়বার, জুবায়ের ও প্রাণন দ্বিতীয়বার ও নাফিজা প্রথমবারের মতো আইএমওতে অংশ নেয়।এবার বাংলাদেশ দলের উপদলনেতার দায়িত্বে ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় সারা দেশে গণিত উৎসবের মাধ্যমে ৫১তম আইএমওর জন্য পাঁচজনের গণিত দল নির্বাচন ও এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।