বাংলাদেশ-চীন তিনটি চুক্তি সই
বাংলাদেশ ও চীন অবকাঠামো, অর্থনৈতিক উন্নয়ন এবং কারিগরি ও জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি করতে তিনটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াওবাওয়ের শীর্ষ বৈঠকে শেষে ওই তিন চুক্তি ও সমঝোতা স্মারক সই করা হয়।বৈঠকে বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়ন ও আর্থসামাজিক প্রকল্পে প্রধানমন্ত্রী চীনের সহযোগিতা চান। এসব প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্বিতীয় পদ্মা সেতু, গভীর সমুদ্রবন্দর, অষ্টম চীন-বাংলাদেশ মৈত্রী সেতু। এ ছাড়া কৃষি, টেলিযোগাযোগ ও সৌরবিদ্যুত্ উত্পাদনের চীনের সহযোগিতা চাওয়া হয়। আঞ্চলিক যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সড়ক ও রেল যোগাযোগে প্রতিষ্ঠার বিষয়টিতেও গুরুত্ব দেন।পাঁচ দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার রাতে বেজিং পৌঁছান।