বাংলাদেশ-চীন বাণিজ্য বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন আরও বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা প্রদান এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, পরিবহন ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শুক্রবার বেইজিংয়ে দুই দেশের যৌথ ইশতেহার ঘোষণাকালে এ অঙ্গীকার করা হয়। যৌথ ঘোষণায় বলা হয়, উভয় পক্ষ তাদের জনগণের কল্যাণে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও বাণিজ্যে ভারসাম্যহীনতা দূর করতে কার্যকর পদক্ষেপ নেবে। খবর বাসস ও ইউএনবির। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের মধ্যে বৈঠকের এক দিন পর গতকাল এই যৌথ ইশতেহার ঘোষণা করা হয়। এতে বলা হয়, তারা উভয়মুখী বিনিয়োগ পরিচালনা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতায় নিজ নিজ প্রতিষ্ঠানকে উৎসাহ ও সহায়তা প্রদান করবে। ঘোষণা অনুযায়ী চীন বাংলাদেশের জ্বালানি, যোগাযোগ, পরিবহন, শিল্প ও অবকাঠামো খাতে বিনিয়োগ সহযোগিতা প্রদানে তার দেশের শিল্পপ্রতিষ্ঠানকে উৎসাহ প্রদান করবে। উভয় পক্ষ পরিবহন যোগাযোগ সমপ্রসারণ এবং দুই দেশের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে।এ ছাড়া তথ্যের নিয়মিত আদান-প্রদান এবং ইয়ারলুজাংবু কিংবা ব্রহ্মপুত্র নদের পানিসম্পদ ব্যবহার বিষয়ে উভয় দেশ ভবিষ্যতে অভিন্ন অববাহিকাসংক্রান্ত এ ধরনের আলোচনার জন্য প্রাতিষ্ঠানিক কর্মপ্রক্রিয়া গড়ে তোলার সম্ভাব্যতা যাচাইয়ে সম্মত হয়েছে। ১০ দফা ইশতেহারে আরও বলা হয়, বাংলাদেশের বিদ্যুত্, জ্বালানি, শিল্প, যোগাযোগ ও পরিবহন খাতে চীনের সহযোগিতামূলক সম্পৃক্ততাকে বাংলাদেশ স্বাগত জানায়। হাইব্রিড ধানের বীজ উত্পাদন, প্রযুক্তিনির্ভর কৃষি যন্ত্রপাতি সরবরাহ ও উত্পাদিত ফসল প্রক্রিয়াজাতকরণসহ প্রযুক্তিভিত্তিক কৃষি সহায়তা দেওয়ার ক্ষেত্রেও উভয় দেশ পরস্পরকে সহযোগিতা দেওয়ার ব্যাপারে সম্মত হয়। এতে বলা হয়, উভয় দেশ কৃষি, কারিগরি ও ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সদস্যদের সফর বিনিময় জোরদার এবং কৃষি ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুনির্দিষ্ট উপায় অনুসন্ধান করবে। চীন নদী খনন এবং প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশিদের সক্ষমতা তৈরিতে সহযোগিতা প্রদানেও সম্মত হয়েছে। দুই দেশ উচ্চপর্যায়ে সফর বিনিময় ও উভয় দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখা এবং সরকারি সংস্থা, সংসদ (পার্লামেন্ট), রাজনৈতিক দল, সশস্ত্র বাহিনী ও দুই দেশের বেসরকারি গ্রুপসমূহের বন্ধুত্বপূর্ণ সফর বিনিময় জোরদার ছাড়াও চীন স্থানীয় সরকার পর্যায়ে যোগাযোগ ও সহযোগিতা প্রদানেও সম্মত হয়েছে।যৌথ ইশতেহারে জানানো হয়, চীনে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সরকার আসন্ন ‘সাংহাই ওয়ার্ল্ড এক্সপো-২০১০’সহ অন্যান্য চীনা বাণিজ্য মেলায় বাংলাদেশের উদ্যোক্তাদের অংশগ্রহণে উৎসাহিত করবে। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীন সার্বিক সহায়তা দান অব্যাহত রাখবে। অষ্টম মৈত্রী সেতু (দ্বিতীয় মেঘনা সেতু) ও বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র নির্মাণের কাজ শিগরিই শুরু করতে উভয় পক্ষ আন্তরিক থাকবে।বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অদূর ভবিষ্যতেই মহাকাশে একটি যোগাযোগ ও ‘রিমোট সেন্সিং’ কৃত্রিম উপগ্রহ পাঠানোর ইচ্ছা প্রকাশ করা হয়। বাংলাদেশের এ পরিকল্পনা বাস্তবায়নে চীন সহযোগিতা দানের আশ্বাস দেয়। ইশতেহারে আরও বলা হয়, খুব শিগগির চোখের ছানি পড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়ার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশ সফরে আসবে। শিক্ষা খাতে সহযোগিতার অংশ হিসেবে চীন বাংলাদেশি ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়ার পরিমাণ বাড়ানোর ঘোষণা দিয়েছে। উভয় দেশের প্রকৃত ব্যবসায়ী ও পর্যটকেরা যাতে সহজে ভিসা পান, সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়। উভয় দেশের সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বিনিময় করতেও তারা একমত হয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও অখণ্ড সাম্যের প্রতি চীনের পক্ষ থেকে পূর্ণ সমর্থনের কথা ব্যক্ত করা হয়। অন্যদিকে, সার্বভৌমত্বের ক্ষেত্রে চীনের নীতির প্রতিও বাংলাদেশ সমর্থন জানিয়েছে। বিশেষ করে তাইওয়ান ও তিব্বতকে চীন নিজ ভূখণ্ডের আওতাভুক্ত বলে যে দাবি করে আসছে, বাংলাদেশ সে দাবির প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে।চলতি বছরেই জলবায়ু পরিবর্তন ইস্যুতে দুই দেশ পরামর্শ বৈঠক করবে বলেও সিদ্ধান্ত হয়েছে।