বাংলাদেশ-চীনের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ চান প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার হয়ে চীনের সঙ্গে বাংলাদেশের সরাসরি সড়ক ও রেল যোগাযোগ স্থাপনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ইউনান প্রদেশের নেতারা এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। প্রধানমন্ত্রী গতকাল শনিবার ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে তাঁর সম্মানে প্রদেশের ভাইস গভর্নর লি জিং-এর দেওয়া নৈশভোজে ভাষণ দিচ্ছিলেন। খবর বাসস ও ইউএনবির।শেখ হাসিনা বলেন, ইউনান প্রদেশ হলো দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের প্রবেশদ্বার। ইউনান প্রদেশসহ চীনের সর্বত্র যে বিপুল অগ্রগতি হয়েছে, তা তাঁকে মুগ্ধ করেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চায়। তিনি বলেন, ‘আমাদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হলে আমরা ইউনান প্রদেশের কর্মকাণ্ড থেকে আরও বেশি শিক্ষা নিতে পারব।’ অনুষ্ঠানে ভাইস গভর্নর প্রধানমন্ত্রীকে ইউনান প্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের নানা উপহারসামগ্রী প্রদান করেন। প্রধানমন্ত্রীও বাংলাদেশের পক্ষ থেকে তাঁকে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন। আন্তরিক আতিথেয়তার জন্য ভাইস গভর্নরকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এ প্রদেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যেমন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করছে, তেমনই আমাদের বাংলাদেশেও বিভিন্ন জাতি, উপজাতি ও ধর্মের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করছে।’ দক্ষিণ এশীয় দেশগুলো ও চীনের মধ্যে ব্যবসায়িক ফোরাম গঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এই ফোরাম এ অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রসঙ্গে তিনি বলেন, কুনমিং শহর দক্ষিণ এশীয় পণ্যের মেলায় পরিণত হবে, যার মাধ্যমে ইউনান প্রদেশের সঙ্গে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ, বিশেষ করে, বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। ভাইস গভর্নর লি জিং ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গতকাল দুপুরে কুনমিংয়ের একটি উপজাতীয় গ্রামে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। শিশু-কিশোরসহ কয়েক শ উপজাতীয় সদস্য সেখানে ঐতিহ্যবাহী বর্ণিল পোশাক পরে নেচে-গেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।পরে প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য সাজে সজ্জিত গাড়িবহর-সহকারে নগরের একটি থিম পার্কে নিয়ে যাওয়া হয়।থিম পার্কে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি সর্বোচ্চ সম্মানের নিদর্শন হিসেবে উপজাতীয় বালিকারা তাঁকে তাদের ঐতিহ্যবাহী মুকুট পরিয়ে দেয়। পরে প্রধানমন্ত্রীকে নগরের একটি মসজিদ ও একটি বৌদ্ধ মন্দির দেখানো হয়। এরপর উপজাতীয় শিল্পীদের অংশগ্রহণে প্রধানমন্ত্রীর সম্মানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। তিনি অনুষ্ঠানটি উপভোগ করেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী কুনমিং ব্যবসায়ী কমিউনিটির দেওয়া এক নৈশভোজে যোগ দেন।প্রধানমন্ত্রী তাঁর পাঁচ দিনের চীন সফরের শেষ দিকে গতকাল বেলা সাড়ে ১১টায় বেইজিং থেকে কুনমিং এসে পৌঁছান। আজ রোববার তাঁর দেশে ফেরার কথা।