বাংলাদেশ থিয়েটারের নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এবারও নাট্যোৎসবের আয়োজন করেছে বাংলাদেশ থিয়েটার। তবে এরই মধ্যে দলের ২৫ বছর পূর্ণ হওয়ায় এবারের উৎসব পাচ্ছে আলাদা মাত্রা। উৎসবের নাম দেওয়া হয়েছে ‘রজত জয়ন্তী নাট্যোৎসব’। বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে উৎসব উদ্বোধন হবে ২৫ নভেম্বর সকাল ১০টায়। উদ্বোধন শেষে নাট্যকর্মীদের অংশগ্রহণে হবে আনন্দ শোভাযাত্রা। থাকবে দিনব্যাপী নাট্যকর্মীদের মিলনমেলা। জানা গেছে, এবারের উৎসবে নাটক মঞ্চায়ন করবে আরণ্যক নাট্যদল, ঢাকা থিয়েটার, লোক নাট্যদল, নাগরিক নাট্য সম্প্রদায়, নাট্যকেন্দ্র, থিয়েটার এবং বাংলাদেশ থিয়েটার। প্রথম দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল হলে মঞ্চস্থ হবে বাংলাদেশ থিয়েটারের সী মোরগ নাটক। প্রতিদিন নাটকের প্রদর্শনী ছাড়াও থাকবে সাংস্কৃতিক আয়োজন। জাতীয় নাট্যশালার সম্মুখ ভাগে পরিবেশিত হবে লালনের গান এবং নাট্যকর্মীদের পরিবেশনায় নাটকের গান। এ ছাড়া বিভিন্ন নাট্যদল প্রদর্শন করবে নাটকের দৃশ্যবিশেষ। উৎসবের আয়োজক বাংলাদেশ থিয়েটারের প্রধান শাহ্ আলম বলেন, ‘প্রতিবছরই আমরা এই উৎসব আয়োজন করছি। এবার উদ্বোধনী দিনে জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনটি বরাদ্দ না পাওয়ায় কিছুটা দুঃখভারাক্রান্ত। এক্সপেরিমেন্টাল হলেই উদ্বোধনী দিনের নাটক মঞ্চায়ন করছি। আশা করি, সব মিলিয়ে উৎসবটি দর্শক উপভোগ করতে পারবেন।’