বাংলাদেশ থেকে কৃষিশ্রমিক নেবে কানাডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে কৃষিশ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে কানাডা। যৌথ প্রশিক্ষণ দিয়ে এই শ্রমিকদের পাঠানো হবে। এ ছাড়া কানাডায় বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা ৪০ শতাংশ বাড়বে। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আজ রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। মেক্সিকো, কানাডা এবং সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরে মন্ত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সংবাদ সম্মেলন করেন।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব জাফর আহমেদ খান এবং শ্রমসচিব নুরুল হক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, কানাডার সাসকাটচিওয়ান প্রদেশের প্রধান বাংলাদেশ থেকে কৃষিশ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী বছরের জানুয়ারিতে ওই প্রদেশের একটি প্রতিনিধিদল দেশে আসবে। তখন বিষয়টি চূড়ান্ত হবে। মন্ত্রী আরও জানান, কানাডায় শ্রমিক পাঠানোর আগে বাছাই করা হবে। এরপর যৌথ প্রশিক্ষণ দিয়ে তাঁদের পাঠানো হবে। মন্ত্রী ৮ থেকে ১১ নভেম্বর মেক্সিকোতে অনুষ্ঠিত জিএফএমডি (গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেন। ১২ থেকে ১৪ নভেম্বর তিনি কানাডা সফর করেন। ১৬ থেকে ১৯ নভেম্বর তিনি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) পরিচালনা পর্ষদের ৩০৯তম সভায় যোগ দেন। সফরকালে মন্ত্রী মেক্সিকো, কানাডা ও সুইজারল্যান্ডের শ্রমমন্ত্রী ও অভিবাসন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। শ্রমমন্ত্রী জানান, বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ, অভিবাসী কর্মীদের অধিকার নিয়ে মেক্সিকো ও জেনেভায় আলোচনা হয়েছে। এসব সম্মেলনে শ্রমিকদের শোভন কাজ ও তাঁদের সামাজিক নিরাপত্তা নিয়ে কথা হয়। মন্ত্রী জানান, শ্রমিকেরা যে দেশে থাকবেন, তাঁদের নিরাপত্তা দেওয়া ওই দেশের কর্তব্য। মেক্সিকোর বৈঠকে এ বিষয়টি নিয়ে কথা হয়েছে।