বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে কেয়ার্ন এনার্জি
বাংলাদেশ থেকে সব কার্যক্রম গুটিয়ে বিদায় নিচ্ছে যুক্তরাজ্যের তেল-গ্যাস কোম্পানি কেয়ার্ন এনার্জি পিএলসি। বাংলাদেশে তাদের কার্যক্রমের সব অংশীদারি বিক্রি করে দিয়েছে এ দেশে তাদের অল্প দিনের ক্ষুদ্র অংশীদার অস্ট্রেলীয় কোম্পানি স্যান্টোসের কাছে।ওই কোম্পানি দুটির কয়েকজন দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার ঢাকায় সাংবাদিকদের এ তথ্য জানান। তাঁরা বলেন, গতকালই তাঁরা পেট্রোবাংলা ও জ্বালানি মন্ত্রণালয়ের কাছে অংশীদারি পরিবর্তনসংক্রান্ত প্রস্তাব পাঠিয়েছেন। ওই কর্মকর্তাদের মধ্যে ছিলেন এডিনবরা থেকে আসা কেয়ার্নের পরিচালক সিমন থমসন, এ দেশের বিদায়ী পরিচালক ফিল ডোনাল্ড, স্যান্টোসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন ইঞ্চ এবং এ দেশের ব্যবস্থাপক জন চেম্বার।সরকারি সূত্র জানায়, দেশের আইন কিংবা কেয়ার্নের সঙ্গে স্বাক্ষরিত উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) অনুযায়ী এ ধরনের হস্তান্তরে কোনো বাধা নেই। এর আগেও বিদ্যুৎ ও জ্বালানি খাতের একাধিক কোম্পানি এভাবে মালিকানা হস্তান্তর করেছে।বাংলাদেশে কেয়ার্ন কাজ করছিল সমুদ্রবক্ষের ১৬ নম্বর ব্লকের সাঙ্গু, মগনামা ও হাতিয়া গ্যাসক্ষেত্রে। সাঙ্গু গ্যাসক্ষেত্রটি তাদের অদক্ষতার কারণে অকালে শেষ হয়ে গেছে বলে সমালোচনা আছে। ওই গ্যাসক্ষেত্রে কেয়ার্নের সর্বশেষ অংশীদারি ছিল সাড়ে ৩৭ শতাংশ। এ ছাড়া স্যান্টোসের সাড়ে ৩৭ ও আমেরিকান কোম্পানি হেলিবার্টনের ২৫ শতাংশ অংশীদারি রয়েছে। এখন কেয়ার্নের অংশীদারি বিক্রির কারণে ওই ক্ষেত্রে স্যান্টোসের অংশীদারি হবে ৭৫ শতাংশ।মগনামা-হাতিয়া ক্ষেত্রে স্যান্টোসের সাড়ে ৩৭ শতাংশ ছাড়া সব অংশীদারিই ছিল কেয়ার্নের। এখন ওই ক্ষেত্রের সম্পূর্ণ অংশই চলে যাচ্ছে স্যান্টোসের হাতে।স্যান্টোসের কর্মকর্তারা গতকাল সাংবাদিকদের বলেন, তাঁদের বিশ্বাস, তাঁরা সাঙ্গু গ্যাসক্ষেত্রের উৎপাদন বাড়াতে সক্ষম হবেন। এ ছাড়া মগনামা ক্ষেত্রে তাঁরা এখন পর্যন্ত ১৪ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছেন, আরও ১০ কোটি ডলার বিনিয়োগ করবেন। আগামী বছরের অক্টোবর মাসে তাঁরা মগনামা ক্ষেত্রে কূপ খনন শুরু করবেন।