বাংলাদেশ-দরদি স্যামি
ড্যারেন স্যামির কথাই যেন সত্যি হয়! তাঁর কথার প্রতিধ্বনি তো এখন বাংলাদেশজুড়ে। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পরের দুটি ম্যাচ জিতেই নকআউট পর্ব নিশ্চিত করতে চান। ‘বাকি দুটি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারব বলেই আমরা আশা করছি।’ বলেছেন স্যামি।স্যামির চাওয়ার সঙ্গে বাংলাদেশের চাওয়াও মিলে যাচ্ছে। ইংল্যান্ড আর ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বাকি দুই ম্যাচ ১৭ ও ২০ মার্চ। ১৭ মার্চ ইংল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশও। ওই ম্যাচে ইংল্যান্ড হারলেই বাংলাদেশের কোয়ার্টার ফাইনালের দরজা পুরোপুরি খুলে যাবে এবং বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে শেষ আটে! অবশ্য একটা পাদটীকা যোগ করা লাগছে—কাল চট্টগ্রামে হল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতে থাকলে তবেই আসবে ওই সুযোগ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ জয়ের পথেই ছিল। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর থেকেই যেন বদলে গেছে ওয়েস্ট ইন্ডিজ। হল্যান্ড, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট। রানরেটও ভালো। তবু নকআউট পর্ব নিশ্চিত হয়নি ‘বি’ গ্রুপের জটিল সমীকরণে পড়ে। এই গ্রুপের যা চেহারা, কোনো দলই কোয়ার্টার ফাইনালে চলে গেছে বলতে পারছে না। কেবল হল্যান্ডই বলতে পারে, ‘আমরা ভাই, বাদ!’ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ মরিয়া হয়ে খেলবে, এটা সবারই জানা। মরিয়া থাকবে ইংল্যান্ডও। অবশ্য মানসিকভাবে ইংলিশরা পিছিয়েই থাকবে ওই দিন। আয়ারল্যান্ড ও বাংলাদেশের কাছে হেরে অনেকটা কোণঠাসা অবস্থায় রয়েছে ইংল্যান্ড। অবশ্য হল্যান্ডের বিপক্ষে জয়, ভারতের সঙ্গে নাটকীয় টাই এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ মুহূর্তের জয় থেকেও প্রেরণা খুঁজে নিতে পারে ইংলিশরা। জটিল এ সমীকরণে ইংল্যান্ড মোটেও ছেড়ে কথা বলবে না, মানছেন স্যামি। তাঁর কথা, ইংল্যান্ড ম্যাচে কঠিন লড়াই-ই হবে।ইংল্যান্ডের বিপক্ষে মহারণে নামার আগে যেন তেতে আছেন স্যামিরা। তাঁর কথাবার্তায় বোঝা যাচ্ছে, ইংলিশদের এক ধরনের প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখছেন। ডোয়াইন ব্রাভো ও ক্রিস গেইলকে ছাড়াই গত ম্যাচে আয়ারল্যান্ডকে হারাতে পারায় ওয়েস্ট ইন্ডিজ উজ্জীবিত। ইনজুরিতে পড়ে ব্রাভো বিশ্বকাপেই নেই। গেইল চোটের কারণে খেলেননি গত ম্যাচ। তবে ইংল্যান্ডের বিপক্ষে গেইল খেলতে পারেন।সুলিমান বেন উইকেট পাচ্ছেন, স্যামি নিজেও আছেন ছন্দে। কাইরন পোলার্ডও ঝলসে উঠেছেন, সেঞ্চুরি পেয়েছেন ডেভন স্মিথ। তার ওপর গেইলকে ফিরে পেলে ইংল্যান্ডের বিপক্ষে পুরো শক্তি নিয়েই মাঠে নামতে পারবেন স্যামি। আত্মপ্রত্যয়ী এই স্যামিদের দিকে এখন চেয়ে থাকবে বাংলাদেশও। ওয়েবসাইট।