এবারের ৫১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ দলের মোট অর্জন ৫৪ নম্বর। গতকাল শনিবার বিকেল নাগাদ বাংলাদেশ দলের পাঁচজন প্রতিযোগীর সবার উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হয়েছে। বাংলাদেশ দলের তারিক আদনান মোট ২০ নম্বর পেয়েছে, যা এখন পর্যন্ত আইএমওতে কোনো বাংলাদেশি প্রতিযোগীর পাওয়া সর্বোচ্চ নম্বর। দলের বাকি চার সদস্যের মধ্যে হক মুহাম্মদ ইশফাক ১৩, কাজী হাসান জুবায়ের ১২, নাফিজা আনজুম ৭ ও প্রাণন রহমান খান ২ নম্বর পেয়েছে।তারিক আদনান ও হক মুহাম্মদ ইশফাকের ১ নম্বর সমস্যার সমাধান নিয়ে বাংলাদেশ দলের দলনেতা মাহবুব মজুমদার খাতা মূল্যায়নকারী সমন্বয়কারীদের সঙ্গে দীর্ঘ বিতর্ক করেছেন। এ সমস্যার সমাধান দুই সেশনে মুলতবি হয়ে যায় এবং সর্বশেষ সেশনে মাহবুব মজুমদারের সঙ্গে খাতা মূল্যায়নকারী সমন্বয়কারীদের সমঝোতা হয়। শেষ পর্যন্ত সমন্বয়কারীরা তাঁদের অবস্থান থেকে সরে এসে দুজনকেই ১ নম্বর সমস্যা সমাধানের জন্য ৭ নম্বরের মধ্যে ৬ নম্বর দিতে সম্মত হন।বিভিন্ন দেশের প্রতিযোগীদের নম্বর চূড়ান্ত হলেও পদক পাওয়ার বিষয়টি গত রাতে চূড়ান্ত হওয়ার কথা বিচারকদের শেষ সভায়। স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদকের বিষয়টি নির্ভর করছে সব দেশের প্রতিযোগীদের আপেক্ষিক ফলাফলের ওপর।তবে ফল যা-ই হোক না কেন, তারিক আদনানের পদক পাওয়া নিশ্চিত। আশা-আকাঙ্ক্ষার দোলাচলে থাকতে হবে হক মুহাম্মদ ইশফাককে।ষষ্ঠবারের মতো আইএমওতে অংশ নিচ্ছে বাংলাদেশ। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় সারা দেশে গণিত উৎসব আয়োজনের মাধ্যমে ৫১তম আইএমওর জন্য পাঁচজনের বাংলাদেশ গণিত দল নির্বাচন এবং এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।