বাংলাদেশ দূতাবাস সরানোর নির্দেশ
জাপানে ভূমিকম্প ও সুনামি শেষে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের পর টোকিওর বাংলাদেশ দূতাবাসকে দেশটির দক্ষিণাঞ্চলের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাপানে বাংলাদেশ দূতাবাসে চিঠি পাঠানো হয়েছে।জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘আজ (মঙ্গলবার) জাপানের বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে, বিস্ফোরণের পর টোকিও নিরাপদ নয়। এর পরিপ্রেক্ষিতে টোকিও থেকে দূতাবাস দক্ষিণাঞ্চলের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছি। এ ক্ষেত্রে সম্ভাব্য স্থান হতে পারে হিরোশিমা কিংবা নাগাসাকি।’ তিনি জানান, দূতাবাস সরিয়ে নেওয়ার ব্যাপারে জাপানের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।দীপু মনি বলেন, জাপানের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সে দেশে অবস্থানরত প্রায় ১২ হাজার বাংলাদেশিকে নিরাপদ স্থানে অবস্থান নিতে বলা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, জাপানে যেসব বাংলাদেশি আছেন, তাঁদের মধ্যে প্রায় পাঁচ থেকে ছয় হাজার থাকেন টোকিওতে।ভূমিকম্প ও সুনামিতে এ পর্যন্ত বাংলাদেশিদের হতাহত হওয়ার কোনো খবর পাওয়া গেছে কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি।’প্রবাসীদের উদ্বেগ: এদিকে টোকিও থেকে বাংলাদেশ দূতাবাস সরানোর নির্দেশের খবর প্রথম আলোর অনলাইনে পড়ে জাপানপ্রবাসী কয়েকজন বাংলাদেশি মুঠোফোনে উদ্বেগ জানিয়েছেন। এঁদের একজন টোকিওর সাদিয়াটেক কোম্পানি লিমিটেডের সিস্টেম ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুর রশীদ বলেন, ‘এখন পর্যন্ত এখানে এমন মাত্রায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি যে দূতাবাস সরিয়ে নিতে হবে।’আরেক প্রবাসী বাংলাদেশি তৌহিদা খাতুন বলেন, ‘এ পর্যন্ত টোকিও থেকে সরে যাওয়ার কোনো খবর শুনতে পাইনি। কাজেই দূতাবাস সরিয়ে নেওয়ার এমন সিদ্ধান্ত লোকজনের মাঝে আতঙ্ক ছড়াবে।’সুমন পাল নামের এক টেলিকম কর্মকর্তা বিস্ময় প্রকাশ করে বলেন, ‘দূতাবাস সরিয়ে নেওয়ার এ সিদ্ধান্ত হাস্যকর। এত জন বাংলাদেশিকে বিপদে রেখে সরকার কীভাবে দূতাবাস সরিয়ে নেওয়ার চিন্তা করে? অন্যরা বিমান পাঠিয়ে তাদের লোকজনকে সরিয়ে নিচ্ছে আর আমাদের দূতাবাস আমাদের বিপদে রেখে নিজেরাই চলে যাচ্ছে, এটি আমাদের জন্য লজ্জার।’জাপানের পরবাস পত্রিকার সম্পাদক কাজী ইনসানুল হক প্রথম আলোকে বলেন, টোকিওতে ১০ হাজারের মতো বাংলাদেশি আছেন। এমন একটি সিদ্ধান্ত নেওয়ায় চরম বিপদে পড়বেন প্রবাসীরা। তাঁরা কোনো বিপদে দূতাবাসে যেতে পারবেন না। পৃথিবীর কোনো দেশ যখন দূতাবাস সরাচ্ছে না, তখন বাংলাদেশের এমন সিদ্ধান্ত উদ্বেগজনক।