শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানোর প্রবণতা বা ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং ট্রেন্ডস ইনিশিয়েটিভ (ডব্লিউবিটিআই) পর্যালোচনায় বাংলাদেশ এখন দ্বিতীয় ধাপে পৌঁছেছে। এ সাফল্যের ফলে হলুদ রং থেকে বাংলাদেশ নীল রঙের দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তবে বাংলাদেশের লক্ষ্য সবুজ রঙে পৌঁছানো।আজ মঙ্গলবার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের সাসাকাওয়া মিলনায়তনে বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন (বিবিএফ) ও অন্যান্য সহযোগী সংগঠন এ পর্যালোচনার ফলাফল উপস্থাপন করেছে। অনুষ্ঠানে দেওয়া তথ্য অনুযায়ী, ডব্লিউবিটিআই পর্যালোচনায় বাংলাদেশে শিশুর খাবারের অবস্থার রিপোর্ট কার্ড ২০১২ অনুযায়ী দেশটি পেয়েছে ১১০ দশমিক ৫ নম্বর। ২০০৮ সালের সমীক্ষায় পেয়েছিল ৮৭ নম্বর। তবে ২০০৫ সালের সমীক্ষায় পেয়েছিল ৯০ দশমিক পাঁচ নম্বর।ডব্লিউবিটিআই পর্যালোচনা হয় ১৫০ নম্বরে। ১৩৬ থেকে ১৫০ নম্বর পেলে তা সবুজ রং নির্দেশ করে। ৯১ থেকে ১৩৫ হলে নীল, ৪৬ থেকে ৯০ হলে হলুদ এবং ০ থেকে ৪৫ নম্বর পেলে তা লাল রং নির্দেশ করে।দ্য ইন্টারন্যাশনাল বেবি ফুড অ্যাকশন নেটওয়ার্ক (আইবিএফএএন) এশিয়ার নীতিমালা ও প্রশিক্ষণের আওতায় জাতীয় পর্যায়ে বিবিএফ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে এ পর্যালোচনা করেছে। পরবর্তী সময় আইবিএফএএন এশিয়ায় এ পর্যালোচনার ফলাফল উপস্থাপন ও ওয়েবসাইটে দেওয়া হবে, যাতে করে বিশ্বের যেকোনো দেশ অন্য যেকোনো দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে পারে।আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুহম্মদ হুমায়ুন কবির বলেন, সবুজ রঙে পৌঁছানো কঠিন, তবে চেষ্টা অব্যাহত রাখতে হবে। আর বর্তমানের অর্জন ধরে রাখার জন্যও সচেষ্ট থাকতে হবে।