বাংলাদেশ প্যারাডক্স: বাংলাদেশ নামক ধাঁধা
আজ বিশ্বে উন্নয়নের যেকোনো আলোচনায় বাংলাদেশ প্যারাডক্স একটা আলোচ্য বিষয়। স্বাধীনতা অর্জনের পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশ এমন সব ভয়াবহ ঘটনা-দুর্ঘটনার শিকার হয় যে অনেকের মনে আশঙ্কা হয়েছিল দেশটি টিকে থাকবে কি না। এক বড় দুর্ভিক্ষ, তিনটি সফল সামরিক অভ্যুত্থান, প্রায় ৩০টি ব্যর্থ অভ্যুত্থান এবং চারটি ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হেনরি কিসিঞ্জার অভিহিত ‘তলাবিহীন ঝুড়ি’টি কেমন করে উন্নয়ন ধরে রাখছে? আন্তর্জাতিক বাজিকরেরা বাংলাদেশের ওপর বাজি ধরতে কৌতূহল দেখাচ্ছে। তাদের ভবিষ্যৎ চিন্তায় আগামী চল্লিশ-পঞ্চাশ বছর পরে বাংলাদেশ ইউরোপীয় দেশের প্রায় সমকক্ষ হয়ে দাঁড়াবে। আবার নিরাশাবাদীরা বলছেন, ইউরোপীয় ইউনিয়ন আগামী বিশ-ত্রিশ বছরে ভেঙেও যেতে পারে। অর্থনীতিবিদেরা লক্ষ করছেন বাংলাদেশ এ পর্যন্ত কোনো ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়নি। আমাদের অবস্থা গ্রিস, সাইপ্রাস, স্পেন বা ইতালির মতো তেমন ঝুঁকিপূর্ণ নয়। বাংলাদেশে জীবন ধারণ করা যায় অতি সহজে, স্বল্প ব্যয়ে। ইচামাছ আর কদু আমাদের কাছে পাঁচতারা সরাইখানার চেয়েও উপাদেয়। সামান্য জীবনোপকরণ নিয়ে বাংলাদেশ এক ধরনের স্বাচ্ছন্দ্যে রয়েছে। বাংলাদেশের মানুষের হাসি আজ সবচেয়ে সুখী মানুষের হাসি হিসেবে চিহ্নিত হয়েছে।মানুষের জীবন কূটাভাসে ভরা। কৌতুকময় তো বটেই। তাই ঘণ্টা বাজিয়ে দুর্গাপূজাও হয়, আবার ইতু পূজায় ঢাক বাজে। আমরা কৌতূহলে প্রশ্ন করি, ওখানে কে গা? আমরা উত্তর পাই, আমি সর্বময়ী। দাঁড়িয়ে কেন গা? এই প্রশ্নের উত্তর, না, দুটো খুদের জন্য।আমাদের পিঠ চাপড়ে যেসব মুরব্বি আহ্লাদিপনা করে বলত, ‘বাংলাদেশ একটা মডারেট মুসলিম দেশ।’ তাদের চক্ষু এখন চড়কগাছ! রামুর ধ্বংসলীলা, গত কয়েক সপ্তাহে সংখ্যালঘুদের মন্দিরে প্রতিমা ভাঙচুর, লোকালয়ে আগুন জ্বালিয়ে দেওয়া দেশি-বিদেশি সবাইকেই ভাবিয়ে তুলেছে। নৃশংসতা ও অসহিষ্ণুতায় বাংলাদেশ কম যায় না। তবে জঘন্য রেকর্ড করা থেকে এখনো বহুদূরে। টালমাটাল পদস্খলন সামলে নিলে আমরা আবার আকর্ষণীয় প্যারাডক্স হতে পারব। মন্দিরে মন্দিরে কাঁসরঘণ্টা বাজবে, নারীরা উলুধ্বনি দেবে। তাদের কণ্ঠে শাঁখ বাজবে। সামান্য প্রচেষ্টায় দিনবদলের এমন সুযোগ কোথায় পাওয়া যাবে? বাংলাদেশের লোক অন্ধ, মূক বা বধির নয়। জনসংযোগের সুফল হিসেবে এ দেশে জন্মনিয়ন্ত্রণ সাফল্য লাভ করেছে, বনায়ন ঘটছে, লোকে গাছ লাগাচ্ছে। আঙুর, ড্রাগন ফ্রুট, স্ট্রবেরির মতো নতুন নতুন ফল-ফলারির চাষ হচ্ছে।বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে (এইচডিআই) বাংলাদেশ এক ধাপ এগিয়েছে। ২০১২ সালে বিশ্বের ১৮৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৬তম। আগের বছর অবস্থান ছিল ১৪৭তম। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ এখনো নিম্ন পর্যায়ভুক্ত হলেও দেশটির অগ্রগতি নিম্ন পর্যায়ের গড় প্রবণতার চেয়ে বেশি। ২০১২ সালে মানব উন্নয়নে নিম্ন পর্যায়ভুক্ত দেশগুলোর গড় এইচডিআই মান দশমিক ৪৬১, একই সময়ে বাংলাদেশের এইচডিআই মান দশমিক ৫১৫। তবে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক গড় মান দশমিক ৫৫৮ এবং বৈশ্বিক গড় মান দশমিক ৬৯৪ থেকে বাংলাদেশ পিছিয়ে। ভারতের চেয়ে কম হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্ধেক মাথাপিছু আয় নিয়েও মানব উন্নয়নে বরং বাংলাদেশ ভালো করেছে। কোনো কোনো সূচকে ভারতের চেয়ে বাংলাদেশ এগিয়ে। ১৯৯০-২০১২ সময়ে মানব উন্নয়ন সূচকে ভারত ২৪ দশমিক ৫০ শতাংশ ঘাটতি কমাতে সক্ষম হয়েছে, যেখানে বাংলাদেশ কমিয়েছে ২৪ দশমিক ১০ শতাংশ। এই ঘাটতি কমানোর সূচকে ভারতের অবস্থান ৪৫তম, বাংলাদেশের ৪৭তম।শিশুমৃত্যু রোধে বা শিশুদের বেঁচে থাকার ক্ষেত্রে বাংলাদেশ নাটকীয় অগ্রগতি সাধন করেছে। বাংলাদেশ নারীর শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ করেছে, নারীর সামাজিক মর্যাদার উন্নতি ঘটিয়েছে, রাজনৈতিক সম্পৃক্ততা বাড়িয়েছে, স্বাস্থ্যসচেতনতা ও স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করেছে।বৈচিত্র্যপূর্ণ নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বলা যায়, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়ন এখানে অব্যাহত রয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্তৃক প্রণীত মানব উন্নয়ন সূচক ২০১৩-এ বাংলাদেশ গত বছরের চেয়ে এক ধাপ এগিয়েছে। বরং প্রতিবেদনটিকে প্রশংসাসূচক মন্তব্য হিসেবে ধরে নিয়ে গুণগত মানব উন্নয়নের পথে আমাদের আরও এগোতে হবে। আয়ুষ্কাল, শিক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধি—মানব উন্নয়নের গুরুত্বপূর্ণ এই তিন সূচকে বাংলাদেশের অর্জন অবস্থান বেশ উল্লেখযোগ্য। জনস্বাস্থ্যের উন্নয়ন একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সামগ্রিকভাবে আয়ুষ্কাল বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখছে। এ ক্ষেত্রে অবদান রয়েছে সরকার উন্নয়ন সহযোগী ও দেশে কর্মরত এনজিওগুলোর। যে জনস্বাস্থ্য খাতে একাধিক বড় দুর্বলতা রয়ে গেছে সেদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। কদিন আগে ভিটামিন এ টিকা কর্মসূচি ঘিরে সৃষ্ট গুজবে সমাজে তোলপাড় ওঠে। ধীরে ধীরে সব মহামারি ঘাতক ব্যাধি নির্মূলের পরিকল্পনা রয়েছে জাতিসংঘের। সেসব আরও উন্নততর ও সূক্ষ্ম চিকিৎসা প্রযুক্তির আগে থেকে সেদিকে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া প্রয়োজন। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা মানব উন্নয়নেও নেওয়া উচিত বিশেষ উদ্যোগ। কয়েক বছর ধরে শিক্ষায় বড় অগ্রগতি সাধিত হলেও শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। দেশের সব পর্যায়ে নারীর ক্ষমতায়নে যেসব প্রতিবন্ধকতা এখনো রয়েছে সেগুলোও নির্মূল করা দরকার। অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশে আয়বৈষম্য বেড়ে চলেছে। সামাজিক নিরাপত্তাজালের পরিধিটা অন্তত বাড়ানোর জন্য বিশেষত কর-রাজস্ব আহরণে নিতে হবে যথাযথ উদ্যোগ। একই সঙ্গে সার্বিকভাবে মানব উন্নয়নে স্থানীয় বেসরকারি খাতের অধিক অংশগ্রহণ সম্ভব হলে বিদেশি সহায়তা-নির্ভরতাও কমবে।৮ মার্চ ১৯৯৭ সালে ‘গণতন্ত্র: সরকার ও সরকারবিরোধী’ বক্তৃতায় আমি বলেছিলাম, ‘গণতন্ত্রের জন্য ন্যূনতম উন্নয়নে প্রয়োজন। দারিদ্র্য ও নিরপেক্ষতা গণতন্ত্রের জন্য সহায়ক নয়। যতক্ষণ পর্যন্ত ভোটপত্রে নৌকা, ধানের শীষ বা হুক্কা থাকবে, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্রের সম্ভাবনা অনিশ্চিত থাকবে। সংখ্যাতত্ত্বের সাহায্যে সামাজিক নিরীক্ষা করে Adam Przeworski বলছেন, যেসব দেশে মাথাপিছু আয় এক হাজার ডলারের কম সেখানে গণতন্ত্রের আয়ু পাঁচ বছরেরও কম এবং যেখানে মাথাপিছু আয় চার হাজার ৩৩৫ সেখানে কোনো গণতন্ত্রের অপমৃত্যু ঘটেনি। মাথাপিছু আয় ২৫০ ডলার এবং শতকরা ৩৫/৪০ শিক্ষার হার নিয়ে আমাদের দেশে গণতন্ত্রকে কি খরচের খাতায় লিখে রাখতে হবে?’নরওয়ের অর্থনীতিবিদ ফালান্ড ও ব্রিটিশ অর্থনীতিবিদ পারকিনসন বাংলাদেশকে উন্নয়নের পরীক্ষাগার বলে তাঁদের বাংলাদেশ টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট-এ তাঁরা লেখেন, ‘এ রকম পরিস্থিতিতে যদি বাংলাদেশের উন্নয়নের উদ্যোগ সফল হয়, তবে পৃথিবীর যেকোনো দেশেই এ ধরনের উদ্যোগ সফল করা যাবে।’ ২০০৭ সালে তাঁরা বললেন, ‘তিন দশক এবং তার বেশি সময়ের সীমিত ও বর্ণাঢ্য অগ্রগতির ভিত্তিতে মনে হয় বাংলাদেশে টেকসই অর্জন সম্ভব।’২০১১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়ালস্ট্রিট জার্নাল এ ব্যাপারে প্রথম সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে উল্লেখ করে, বাংলাদেশের ইতিবাচক অর্জনগুলো প্রশংসনীয় এবং এটি ক্রমেই অর্থনৈতিক শক্তি হিসেবে ধীরে ধীরে তাদের দারিদ্র্য ও অনুন্নয়ন অবস্থা কাটিয়ে ওঠার দিকে যাত্রা করেছে।সম্প্রতি গোল্ডম্যান স্যাক্স সমীক্ষা-পর্যালোচনা করে ব্রিক গোষ্ঠী অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া ও চায়না ছাড়া সম্ভাবনাময় নেক্সট ইলেভেন নামের আরও ১১টি দেশের মধ্যে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে। বিশ্বব্যাংকের মতে, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হতে পারে। যুক্তরাষ্ট্র তাদের পূর্বাভাসে বলেছে, ২০৩০ সাল নাগাদ ‘নেক্সট ইলেভেন’ সম্মিলিতভাবে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশকে ছাড়িয়ে যাবে। লন্ডনের দ্য গার্ডিয়ান লিখেছে, ২০৫০ সালে প্রবৃদ্ধির বিচারে বাংলাদেশ পশ্চিমা দেশগুলোকে ছাড়িয়ে যাবে। বিশ্বের নামকরা রেটিং-বিশেষজ্ঞ সংস্থা মুভিস ও স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস কয়েক বছর ধরে বাংলাদেশকে সন্তোষজনক অর্থনৈতিক রেটিং দিয়ে যাচ্ছে। ২০১২ সালে ব্রিটেনের দ্য ইকোনমিস্ট নিশ্চিত করল, বাংলাদেশের অর্জনগুলো এতই ইতিবাচক যে এ পরিবর্তন বা অর্জনগুলো ধরে রাখতে পারলে সত্যিই অনুন্নয়ন ও দারিদ্র্য কাটিয়ে উঠতে পারবে দেশটি।‘বাংলাদেশ দ্য নেক্সট এশিয়ান ফ্রন্টিয়ার—পজিশনিং দ্য ক্রেডিট’ শীর্ষক বিশ্লেষণে দেশের অর্থনীতিতে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি, ঘাত-প্রতিঘাত সহ্য করার ক্ষমতা ও অর্থনীতির অভ্যন্তরীণ ও প্রতিরোধ শক্তিকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। গোল্ডম্যান স্যাক্সের মতে, ‘নেক্সট ইলেভেন’ভুক্ত দেশ হিসেবে বাংলাদেশের শেয়ারবাজারে বিদ্যুৎ ও জ্বালানি, সিমেন্ট ও টেলিযোগাযোগ খাত বিনিয়োগের সবচেয়ে সম্ভাবনাময় জায়গা। এ ছাড়া নাইট ফ্রাঙ্ক ও আমেরিকান সিটি গ্রুপ কর্তৃক যৌথভাবে প্রণীত ‘দ্য ওয়েলথ রিপোর্ট ২০১২’ শীর্ষক প্রতিবেদনেও বাংলাদেশের নাম এসেছে বিশেষভাবে। বিশ্বের সম্পদপ্রবাহ ও সম্ভাব্য বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া প্রতিষ্ঠানটির প্রতিবেদনে ২০৫০ সালের মধ্যে দ্রুত প্রবৃদ্ধি অর্জনে নাইজেরিয়া, ভারত ও ইরাকের পরই চতুর্থ অবস্থানে থাকবে বাংলাদেশ।অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (ওপিএইচআই) পরিচালক সাবিনা আলকার পরিচালিত গবেষণায় দেখা গেছে, ভারত যেখানে ফিবছর দারিদ্র্যের হার ১ দশমিক ২ শতাংশ কমিয়েছে, সেখানে বাংলাদেশ ৩ দশমিক ২ শতাংশ এবং নেপাল ৪ দশমিক ১ শতাংশ কমাতে সক্ষম হয়েছে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতে, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন, আয়ুষ্কাল বৃদ্ধি, মাতৃ ও শিশুমৃত্যুর হার হ্রাসসহ প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে আছে।যশোরে ভবদহ এলাকায় জলাবদ্ধতা হয়েছিল ওয়াপদার ভুলে। কিন্তু এর সমাধান হয় স্থানীয় মানুষের আন্দোলন ও উদ্ভাবনার ফলে। জলবায়ু পরিবর্তনের দরুন যখন সমুদ্রের তলে জমি ডুবে যাওয়ার কথা, তখন দক্ষিণাঞ্চলে চাষিদের বুদ্ধিতে সমুদ্রের তল থেকে ভূমি জাগানো সম্ভব হচ্ছে।এই সামাজিক শক্তির খবর না জানার জন্যই হয়তো ২০০৫ সালে নিউইয়র্ক টাইমস পত্রিকা তো ‘দ্য পাজল অব বাংলাদেশ’ নামে একটি প্রতিবেদন ছাপে। তার সারমর্ম ছিল, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ তেমন নেই, নেই সুশাসন, নেই সৎ ও যোগ্য নেতৃত্ব, নেই দূরদর্শী ও জনমুখী প্রাতিষ্ঠানিক কাঠামো। রাজনৈতিক ও প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের ছায়াসঙ্গী। তার পরও গত দেড় দশকে বাংলাদেশ গড় প্রবৃদ্ধি ৫ শতাংশের ওপর ধরে রেখেছে। ২০০৬-০৭ সালে জিডিপি সাড়ে ৬-এর ঘরেও উঠেছিল। মানে না হলেও পরিমাণে শিক্ষা ও স্বাস্থ্যসেবা ভারতকে ছাপিয়ে গেছে। প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষায় নারী-পুরুষ বৈষম্য কমানোয় ভারত থেকে এগিয়ে। পাঁচ রকম কারণে শিশু ও মাতৃমৃত্যুর হার ভারত বা চীনসহ অনেক উন্নয়নশীল দেশের থেকে কম। দারিদ্র্য প্রতিবছর ১ শতাংশ করে হলেও কমছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আত্মবিশ্বাসী করার মতো। জিডিপিতে বিদেশি সাহায্যের ভাগ ৬ শতাংশ থেকে কমে হয়েছে ১ দশমিক ৮ শতাংশ।কীভাবে এই গতিশীলতা সম্ভব হচ্ছে, তা সমাজবিজ্ঞানীদের কাছে একটা ধাঁধা। তাদের বিস্ময়ের কারণ, এ দেশের সাধারণ মানুষ আসলে কৃষির মানুষ, মাটির মানুষ যারা। দুই হাত আর মাটির ওপর বিশ্বাস রেখে প্রতিবছর খাদ্য উৎপাদন ৩ শতাংশ করে বাড়িয়ে যাচ্ছে। এই বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির হারকে ছাপিয়ে যাওয়ায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এসেছে। অথচ একদিকে সার-বিদ্যুৎ-পানি-বীজ-ঋণের জন্য মনুষ্যশক্তির সঙ্গে, অন্যদিকে বন্যা-খরা-মড়কের বিরুদ্ধে প্রাকৃতিক শক্তির সঙ্গে কী প্রাণান্ত লড়াই-ই না করতে হয় কৃষকদের।যেসব সামাজিক ক্ষেত্রে দেশের সাফল্য এসেছে, রাজনীতিবিদেরা সেখানে বড় বাধা হয়ে দাঁড়াননি। দেশটা চলছে সাধারণ মানুষের উদ্যোগ আর জীবনীশক্তির বদৌলতে। সামাজিক এই পুঁজিই আমাদের প্রধান সম্বল। বাংলাদেশ নামক ধাঁধার উত্তর।২০০৫-এর বন্যার পর আইএমএফের ভবিষ্যদ্বাণী ব্যর্থ করে প্রবৃদ্ধি ৫-এর ঘরেই থেকেছে। ওই বছরই কোটার মেয়াদ শেষ হয়ে যাওয়া আর চীনা প্রতিযোগিতার মুখে তৈরি পোশাকশিল্প যায় যায় রব উঠেছিল। কিন্তু যায়নি, বরং আরও বেড়েছে। আইলা-সিডর দক্ষিণাঞ্চলের মাজা ভেঙে দিলেও মনের জোর ভাঙেনি।রাজনীতিতেও দেখা যাবে যে সাধারণ মানুষ ক্ষমতার কামড়াকামড়ি চায় না, দুর্নীতির বিরুদ্ধে তারাই কখনো সবচেয়ে বেশি সোচ্চার। কানসাট, ফুলবাড়ী, শনির আখড়া ও আড়িয়ল বিলে জনমানুষের প্রতিবাদ অন্যায় ও দুর্নীতি ঠেকিয়েছে। সন্ত্রাস ও নারী নির্যাতনের বিরুদ্ধে বাড়তে থাকা সামাজিক আন্দোলনও নাগরিক চেতনার আর এক প্রমাণ।বাংলাদেশের রয়েছে ১৬ কোটির এক বিশাল জনগোষ্ঠী। এর মধ্যে কর্মক্ষম জনসংখ্যা আছে ৫ কোটি ৬০ লাখ। জনসংখ্যা বাড়ছে ১ দশমিক ৫ শতাংশ হারে, কিন্তু কর্মক্ষম জনসংখ্যা বাড়ছে ২ দশমিক ৮ শতাংশ হারে। দেশে তরুণদের সংখ্যা বয়স্কদের তুলনায় অনেক দিন বেশি থাকবে। বিশ্বব্যাংকের মতে, এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশকে কাজে লাগাতে হলে জনশক্তিকে আরও দক্ষ করতে হবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের প্রবৃদ্ধি হতে হবে কর্মসংস্থানমুখী। কারণ, এ দেশের মূল সম্পদই হলো জনশক্তি। সৌভাগ্যক্রমে মোট জনসংখ্যার বড় অংশই যুবক। একে কাজে লাগাতে হবে অধিকতর প্রবৃদ্ধি অর্জনের। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন কৌশল অনেক বেশি কার্যকর হবে এবং মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে এবং প্রবৃদ্ধির সুফল বিরাট জনগোষ্ঠীর মধ্যে বণ্টিত হবে। সার্বিকভাবে যেসব খাতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে, যেমন ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত। উচ্চতর প্রবৃদ্ধি ও এর সুষ্ঠু বণ্টনের স্বার্থে এসব খাতকে আরও গতিশীল করতে হবে। শিক্ষাব্যবস্থায় পরিবর্তন এনে তথ্যপ্রযুক্তি, ছোট-মাঝারি ও কৃষিপণ্যভিত্তিক শিল্পে স্বল্প বিনিয়োগের মাধ্যমে দ্রুত কর্মসংস্থান প্রবৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।বাংলাদেশের পুরো সম্ভাবনা এখনো কাজে লাগানো যায়নি। গত চার দশকে মাথাপিছু আয় প্রকৃত অর্থে আড়াই গুণ বেড়েছে, গড় আয়ু ৫০ থেকে ৬৫ বছর ও সাক্ষরতার হার দ্বিগুণ হয়েছে, শিশুমৃত্যুর হার ৮০ শতাংশ কমছে, জনসংখ্যা বৃদ্ধির হার বার্ষিক ৩ শতাংশ থেকে অর্ধেকের নিচে নেমে এসেছে।নানা প্রতিকূলতা যেমন: মাথাপিছু জমি ও সম্পদের অপ্রতুলতা, প্রাকৃতিক দুর্যোগ প্রবণতা, সুশাসনের অভাব এবং রাজনৈতিক অস্থিতিশীলতা অতিক্রম করেও এতখানি উন্নতি সম্ভব হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসনের অনুপস্থিতিতে শুধু কৃষক শ্রমিক ও ব্যক্তি উদ্যোগে কত দূর উন্নয়ন সম্ভব, বাংলাদেশ তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। একটি স্থিতিশীল রাজনৈতিক শাসনব্যবস্থার অভাবেই ভবিষ্যতের জন্য একটা আস্থা ও নিশ্চয়তার জায়গা তৈরি হয়নি। ফলে ব্যক্তি খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহের অভাব, বিদেশে পুঁজির যথেচ্ছ পাচার ও ভবিষ্যতে পরিকল্পনার ক্ষেত্রে সর্বত্র অব্যবস্থা বিরাজ করছে। ঝুঁকি রয়েছে অর্থনৈতিক বৈষম্য, অপরিকল্পিত নগরায়ণ, পরিবেশ বিপর্যয়, শিক্ষার মানের অবনতি এবং মেধার চরম অবমূল্যায়নের ক্ষেত্রে।প্রশিক্ষণপ্রাপ্ত একই সংখ্যার শ্রমশক্তি বিদেশে রপ্তানি করে বর্তমানের তুলনায় কয়েক গুণ বেশি আয় করা সম্ভব। উন্নততর প্রযুক্তি ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে পৌঁছে দিতে পারলে এখান থেকে আরও অনেক বেশি প্রবৃদ্ধি অর্জন সম্ভব। তৈরি পোশাক খাতে শ্রমিকদের কম মজুরি যদি রপ্তানি প্রতিযোগিতা শক্তির আমাদের একমাত্র উপাদান হয়, তাহলে এ প্রবৃদ্ধি দিয়ে দারিদ্র্য বিমোচন সম্ভব হবে না। শ্রমিকের উৎপাদনশীলতা বাড়াতে হবে। প্রবৃদ্ধির পরবর্তী ধাপে শিক্ষা ও প্রশিক্ষণের গুণগুত মান বাড়ানো একান্তই জরুরি।বাংলাদেশের মানুষ উন্নয়ন-সচেতন। ইতিমধ্যে গ্রামে সবজি, হাঁসমুরগি, গবাদিপশুর খামার গড়ে উঠেছে। আমরা গো-মাংস, মাছ, কাঁকড়া, শুঁটকি, ফুল, সিমেন্ট, সিরামিক, ওষুধ রপ্তানি করছি। বাংলাদেশে তৈরি জাহাজ বিশ্বের বন্দরে বন্দরে যাতায়াত করছে। আমরা হালকা ইলেকট্রিক সামগ্রী ফ্রিজ, ফ্যান এবং বাইসাইকেল রপ্তানি করছি। তথ্যপ্রযুক্তিতে পারঙ্গম তরুণদের উদ্যোগে নানামুখী আউটসোর্সিং তথা বিজনেস প্রসেসিং শিল্পের প্রসার ঘটেছে। আউটসোর্সিংয়ের মাধ্যমে আয়ের সেরা দশটি দেশের মধ্যে বাংলাদেশ তার স্থান করে নিয়েছে। খেটে খাওয়া মানুষ সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থার সাহায্য-সহযোগিতাকে কাজে লাগিয়ে সাধ্যমতো নিজেদের অবস্থার উন্নতি করেছে। যদিও তুলনামূলকভাবে নিজেদের নাগরিক অধিকার দাবিতে দেশের লোক সুসংগঠিত হতে পারেনি। মানবাধিকার রক্ষা, নারী নির্যাতন রোধ ও দরিদ্র মানুষের ক্ষমতায়নে নানা দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। শক্তিশালী স্থানীয় সরকার ও তৃণমূল সংগঠন গড়ে ওঠেনি। স্বাধীনতার প্রকৃত স্বপ্ন বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা দূর করে সমাধান উদ্ভাবন করতে হবে তার দিকনির্দেশনা আসতে হবে রাজনৈতিক দিক থেকে। রাজনৈতিকভাবে আইনের শাসন ও অবকাঠামোর উন্নয়নের চাহিদা মোকাবিলা করতে হবে।২০১৫ সালের এপ্রিল পর্যন্ত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের সয়মসীমা বেঁধে দেওয়া আছে। সে হিসাবে এমডিজি অর্জনে বাকি রয়েছে এক হাজার দিন। এখন পর্যন্ত এমডিজি অর্জনে বিশেষ করে দারিদ্র্য বিমোচন, মাতৃমৃত্যুর হার কমানো এবং প্রাথমিক শিক্ষার প্রসারে বাংলাদেশের অগ্রগতি উল্লেখযোগ্য। এ ছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা, লিঙ্গবৈষম্য দূর করা এবং অপুষ্টি রোধে নেওয়া হয়েছে কার্যকর উদ্যোগ।১৯৯২ সালের পর বাংলাদেশের দারিদ্র্য অর্ধেকে নেমে এসেছে। ২০১০ সালে দারিদ্র্য ৩১ দশমিক ৫ শতাংশে কমে আসায় এমডিজির প্রথম লক্ষ্য অর্জনের খুবই কাছাকাছি চলে এসেছে বাংলাদেশ। সেই সঙ্গে শিশুমৃত্যুর হারও কমেছে। ১৯৯০ সালে প্রতি হাজারে ১৪৬ শিশুর মৃত্যু হলেও ২০০৯ সালে এসে প্রতি হাজারে শিশুমৃত্যু ৫০-এ দাঁড়িয়েছে। এ ছাড়া মাতৃস্বাস্থ্যেও বাংলাদেশের উন্নয়ন উল্লেখযোগ্য। এক লাখ প্রসূতির মধ্যে মৃত্যুর হার ৫৬৪ থেকে কমে ১৯৪-তে নেমে এসেছে। বাংলাদেশকে এখনো পরিবেশগত স্থিতি, অপুষ্টি ও লিঙ্গ সমতায় এগিয়ে যেতে হবে।আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশে এখনো মজুরি হার অনেক কম। ভিয়েতনামের হ্যানয়ে মাসে গড় মজুরি ১১১ ডলার, কম্পোডিয়ার নমপেনে ৮২ ডলার হলেও বাংলাদেশের রাজধানী ঢাকায় তা মাত্র ৭৮ ডলার। নিম্ন মজুরির কারণে উৎপাদন খরচ কমাতে প্রতিষ্ঠানগুলো দেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করলেও রাজনৈতিক অস্থিরতা ভীষণভাবে বাধাগ্রস্ত করতে পারে বলে মনে করেন বিশ্লেষকেরা। এর প্রভাব স্বল্প মেয়াদে যেমন বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে, তেমনি দীর্ঘ মেয়াদে দেশের সুনাম ক্ষুণ্ন হবে।বাংলাদেশের পরিবর্তনে বিভিন্ন নির্দেশক বা সূচকের প্রধান দিক হচ্ছে, খানা আয়-ব্যয় জরিপ অনুযায়ী দেশে দারিদ্র্যসীমার নিচে বসবাসরত মানুষের হার ২০১০ সালে ৩১ দশমিক ৫-এ নেমে আসে। ২০১৩ সালে এটি আরও কমছে বলে ধারণা। এটি ধরে রাখতে পারলে ২০১৫ সালের মধ্যে দারিদ্র্যসংক্রান্ত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন করতে পারবে বাংলাদেশ। ১৯৯০ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল ৫৮ শতাংশ। দারিদ্র্যের হার ২৯ শতাংশে নামিয়ে আনতে পারলে বাংলাদেশ এমডিজিসম্পর্কিত লক্ষ্য অর্জন করবে। বাংলাদেশ হয়তো আরও ভালো করবে। আগামী এক দশকের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা ছাপিয়ে মধ্যম আয়ের দেশে পরিণত হবে।বিশ্বব্যাংকের প্রতিবেদনে স্বীকার করা হয়েছে, বৈশ্বিক মন্দা এবং প্রাকৃতিক দুর্যোগ এই দুই বিপর্যয় সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভালো করছে এমন উন্নয়নশীল ২৫টি দেশের অন্যতম হিসেবেও বাংলাদেশকে বিবেচনা করা হচ্ছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে এ সাফল্য প্রশংসিত হলেও আরও জোরে এগোতে হবে। জিডিপিকে নিতে হবে ৮ শতাংশ উচ্চতায়। রেমিট্যান্স প্রবৃদ্ধিও নিশ্চিত করতে হবে। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় নির্ধারিত বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ২০১২ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত হতে হলে ব্যক্তি খাত উন্নয়নের জন্য নীতি এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে।বাংলাদেশের অগ্রগতির পথে বড় বাধা হচ্ছে দুর্বল অবকাঠামো। মূলত এ কারণে প্রতিযোগিতা সক্ষমতা সূচকে গত পাঁচ বছরে ক্রমে পিছিয়েছে দেশ। এ ক্ষেত্রে গ্যাস-বিদ্যুতের স্বল্পতার পাশাপাশি বেহাল যোগাযোগব্যবস্থাও নেতিবাচক ভূমিকা রেখেছে। পরিস্থিতি উন্নয়নে একাধিক বড় প্রকল্প হাতে নেওয়া হলেও শেষ হয়নি তার একটিও। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ সহজ করতে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে দেখা দিয়েছে জটিলতা।নানা সুলক্ষণ থাকা সত্ত্বেও ঈর্ষাপরায়ণতা ও দলাদলির জন্য বাঙালিদের মধ্যে কোনো কিছু দৃঢ়ভাবে দানা বাঁধতে পারে না। গত ৪২ বছরে স্বাধীন বাংলাদেশে আমাদের মতিচ্ছন্নতার জন্য একাধিক জরুরি বিষয়ের সিদ্ধান্ত গ্রহণে আমরা মনোযোগ দিইনি। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক্করণ শুরু হয় সেনা-সমর্থিত এক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। নির্বাচিত সরকারের আমলে স্থানীয় সরকার গঠনে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।১৯৮১-৮২ সালের অর্থবছরে দেশের আমদানি বিলের মাত্র ৩১ শতাংশ আমাদের রপ্তানি আয় দিয়ে মেটানো হয়। ইতিমধ্যে আমাদের পণ্য আমদানি ব্যয় পণ্য রপ্তানি আয়ের চেয়ে প্রায় ১০ বিলিয়ন ডলার বেশি হয়েছে। কিন্তু অত বড় ঘাটতি আমরা প্রবাসী বাঙালিদের প্রেরিত রেমিট্যান্স দিয়ে মেটাতে পারছি। ২০১১-১২ সালে জিডিপির শতাংশ হিসেবে বৈদেশিক ঋণ ও অনুদান ১ শতাংশের নিচে নেমে গত ৩০ বছরে এ দেশের অর্থনীতি প্রায় নিজের পায়ে দাঁড়ানোর অবস্থায় পৌঁছে গেছে।মানুষের জীবনে বা দেশের ভাগ্যে অভাবনীয় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ভালো করতে মন্দ হয়। স্বাধীনতার পর বিশুদ্ধ জল সরবরাহের জন্য হ্যান্ড পাম্পের জোগান দেওয়া। নদী, পুকুর বা কুয়োর পানির চেয়ে লোকে পাম্পের পানি পান করতে অভ্যস্ত হয়। কিন্তু ১৯৯৩ সালে জানা গেল, দেশের দক্ষিণ এবং উত্তর-পূর্ব অঞ্চলের ভূগর্ভস্থ পানির আর্সেনিক বিষে দেশের সাড়ে তিন কোটি লোক আক্রান্ত। ইতিহাসে গণদূষণে এত বড় বিপর্যয় দেখা যায় না। ১৮ জুন ২০০২ সংসদে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ৭ মাত্রার ভূমিকম্প হলে ঢাকার ৭২ হাজার ভবন এবং ৮০০ প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতার কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ দশম স্থানে।সম্প্রতি যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত নিষিদ্ধকরণ, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন—এই তিন ইস্যুতে জামায়াত-শিবির, গণজাগরণ মঞ্চ, হেফাজতে ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৫ সংগঠন এবং দেশের প্রধান বিরোধী দল বিএনপি হরতাল, অবরোধ, লংমার্চের মতো কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। এসব সমস্যার কারণে গত কয়েক মাসে সারা দেশে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টি হয়েছে। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী গত তিন মাসে ১৭১ জন খুন হয়েছে। এ সময়ে ২৩টি সহিংস ঘটনায় আহত হয়েছেন আরও ছয় হাজার ৪৯ জন। দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর সহিংসতায় নিহত হয়েছেন ১৩৭ জন। নিহত ব্যক্তিদের মধ্যে জামায়াত শিবিরের ৪৪ জন, পুলিশ নয়জন, গ্রামপুলিশ একজন, তিনজন নারী, আওয়ামী ও বিএনপির কর্মী-সমর্থক ১০ জন এবং সাধারণ মানুষ ৭০ জন। এ ছাড়া দেশের অনেক জেলায় ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে। ওই সব হামলায় ৪২০টি মন্দির, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। উপরন্তু পুরো মার্চ মাসজুড়েই বিএনপি-জমায়াতের ডাকে দেশের বিভিন্ন স্থানে হরতাল হয়েছে।সড়ক অবরোধে গত ২৮ ফেব্রুয়ারি থেকে একই জায়গায় দেশের ১০টি জেলায় প্রধান সড়কের পাশের প্রায় ২০ হাজার ছায়াবৃক্ষ ধ্বংস করেছে হরতালকারীরা। এই ২০ হাজার গাছের সঙ্গে আরও কাটা গেছে লাখ খানেক গাছের লতাগুল্ম ও বড় গাছের ডালপালা। আর্থিক হিসাবে এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে।হেফাজতে ইসলামের ঘোষিত ঢাকা অভিমুখে লংমার্চ এবং তা প্রতিহত করার লক্ষ্যে ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সেক্টর কমান্ডারস ফোরামসহ ২৭টি সংগঠনের ডাকা হরতাল এক ভয়াবহ দ্বন্দ্বাত্মক পরিস্থিতির জন্ম দিয়েছিল।গত ৪০ মাসে দেশের প্রধান পুুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন অঙ্ক হ্রাস পেয়েছে ৯৬ শতাংশ। সাধারণ মূল্যসূচক কমেছে ৫৯ শতাংশ। বাজার মূলধনের আকার সংকুচিত হয়েছে ৪১ শতাংশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংক কোম্পানি চলতি বছর লভ্যাংশ প্রদানের সক্ষমতা হারিয়েছে।সংবিধান অনুযায়ী আগামী ২৬ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে ইসি যথাযথ প্রস্তুতি নিতে পারছে না। হরতাল আর অবরোধের কারণে এসব প্রস্তুতি নিতে বারবার সময় পরিবর্তন করতে হচ্ছে।এ রকম পরিস্থিতিতে বাংলাদেশের শুভানুধ্যায়ীজন কি এক নতুন ধাঁধার সম্মুখীন হবে, ‘সম্ভাবনাময় এ দেশে কেন নিজে নিজের পায়ে কুড়াল মারছে?’