প্রেস কাউন্সিলের রায়বসুন্ধরা গ্রুপের আরেকটি পত্রিকার হলুদ সাংবাদিকতা
বাংলাদেশ প্রতিদিন জনরুচির বিরুদ্ধে অপরাধ করেছে
বাংলাদেশ প্রতিদিন অহেতুক মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করে হলুদ সাংবাদিকতার প্রকাশ ঘটিয়েছে। একই সঙ্গে তদন্ত পর্যায়ে তর্কিত সংবাদ প্রকাশ করে বাংলাদেশ প্রতিদিন সাংবাদিকতার নীতিমালার মান ও জনসাধারণের রুচির বিরুদ্ধে অপরাধ করেছে।বাংলাদেশ প্রেস কাউন্সিলের রায়ে এ কথা বলা হয়েছে। রায়ে প্রেস কাউন্সিল এ রকম কুৎসাপূর্ণ সংবাদ ছাপানোর জন্য বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক শাহজাহান সরদার ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দিনকে ভর্ৎসনা ও সতর্ক করেছেন। ভবিষ্যতে এমন সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।প্রথম আলোর সম্পাদকের করা মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি বি কে দাসের নেতৃত্বাধীন প্রেস কাউন্সিলের ছয় সদস্যের বিচারিক কমিটি এই রায় দেন। বিচারিক কমিটির অন্য সদস্যরা হলেন রিয়াজউদ্দিন আহমেদ, ইকবাল সোবহান চৌধুরী, শামসুজ্জামান খান, এম শাহজাহান মিয়া ও কার্তিক চ্যাটার্জি।এর আগে গত ১২ এপ্রিল বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের আরেকটি পত্রিকা দৈনিক কালের কণ্ঠর বিরুদ্ধেও একই রকম রায় দেন প্রেস কাউন্সিল। হলুদ সাংবাদিকতা করেছে উল্লেখ করে কাউন্সিল ওই পত্রিকার সম্পাদক ও প্রকাশককে অপসাংবাদিকতা থেকে বিরত থাকার নির্দেশ দেন।প্রেস কাউন্সিল বলেছেন, প্রথম আলোর সম্পাদক সম্পর্কে বাংলাদেশ প্রতিদিন-এর তর্কিত সংবাদগুলো বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কাউন্সিল বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এ রকম আচরণকে সংবাদপত্রের নীতিমালার পরিপন্থী বলে মনে করেন। রায়ে আরও বলা হয়েছে, ‘কাউন্সিল এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত তর্কিত সংবাদগুলি তদন্ত পর্যায়ে আছে, যা প্রকাশ করে বাংলাদেশ প্রতিদিন সাংবাদিকতার নীতিমালার মান ও জনসাধারণের রুচির বিরুদ্ধে অপরাধ করেছে।’প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বাংলাদেশ প্রেস কাউন্সিলে মামলাটি করেন গত বছরের ২৪ অক্টোবর। মামলার অভিযোগে বলা হয়, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় বিনা প্ররোচনায়, অকারণে বিশেষ একটি মহলের ইন্ধনে দীর্ঘদিন ধরে একের পর এক মিথ্যা, ভিত্তিহীন, মানহানিকর ও কুৎসাপূর্ণ গালগল্প ছাপিয়ে প্রথম আলো ও এর সম্পাদকের সুনাম ও নিরপেক্ষ ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে। কোনো সংবাদপত্র দূরে থাক, কোনো প্রচারপত্রেও এতটা ব্যক্তিগত আক্রোশ ও বিষোদ্গার সহজে পরিলক্ষিত হয় না। অভিযোগে বলা হয়, ২১ আগস্ট গ্রেনেড হামলা হয় ২০০৪ সালে। বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন-এর যাত্রা যথাক্রমে ২০১০-এর জানুয়ারি ও মার্চে। মাঝখানে সময়ের ব্যবধান প্রায় সাড়ে পাঁচ বছর। এ দীর্ঘ সময়ে সরকার, আইন প্রয়োগকারী সংস্থা বা কোনো মহল থেকে ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে প্রথম আলোর সম্পাদকের সম্পৃক্ততার প্রশ্ন উত্থাপিত হয়নি। এই কল্পকাহিনির প্রথম সূত্রপাত গত বছর ৪ এপ্রিল বাংলাদেশ প্রতিদিন-এ। ওই দিন পত্রিকাটি ‘একুশে আগস্ট গ্রেনেড হামলা: মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দারা’ শিরোনামের একটি মিথ্যা সংবাদ প্রকাশ করে। এই অপপ্রচারের সহযোগিতায় এগিয়ে আসে কালের কণ্ঠ। পত্রিকা দুটি বিচিত্র পন্থায় চেষ্টা চালাচ্ছে ওই রূপকথাকে জনজীবনে প্রতিষ্ঠিত করতে। সে চেষ্টা এখনো অব্যাহত।মামলার রায়ে বলা হয়, ‘উভয়পক্ষের বিস্তারিত বিবরণ ও আইনজীবীদের বক্তব্য শ্রবণ করে কাউন্সিল এ সিদ্ধান্তে পৌঁছেছে যে বাংলাদেশ প্রতিদিন তর্কিত প্রকাশনার দ্বারা অহেতুক মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করে হলুদ সাংবাদিকতার প্রকাশ ঘটিয়েছেন। কাউন্সিল বাংলাদেশ প্রতিদিন-এর এ রকম আচরণকে সংবাদপত্রের নীতিমালার পরিপন্থী বলে মনে করে।’একই সঙ্গে এই মামলার রায়ের নকল পাওয়ার তারিখ থেকে সাত দিনের মধ্যে উভয় পত্রিকায় রায় হুবহু প্রকাশ করে ছাপানো পত্রিকার কপি প্রেস কাউন্সিলে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।প্রেস কাউন্সিলে প্রথম আলোর পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী খায়রুল ইসলাম ও আফতাব উদ্দিন ছিদ্দিকী।