বাংলাদেশ প্রতিদিনের সম্পাদককে আদালতের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার অভিযোগে দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’-এর সম্পাদক নঈম নিজাম ও প্রতিবেদক আহমেদ আল আমিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।আদেশে বলা হয়, গতকাল ‘বাংলাদেশ প্রতিদিন’-এ ‘বিজয় দিবসের আগেই সাঈদীর মামলার রায়’ শিরোনামের প্রতিবেদনটি ট্রাইব্যুনালের নজরে আসে। ওই প্রতিবেদনে লেখা হয়েছে, ‘কাদের মোল্লার বিরুদ্ধে করা মামলায় ৯ ডিসেম্বরের মধ্যে সাক্ষ্যগ্রহণ শুরু হতে পারে...। সেই হিসেবে ২৭ ডিসেম্বরের মধ্যে এ মামলার রায় আসতে পারে।’ট্রাইব্যুনাল বলেন, ‘এই ভবিষ্যদ্বাণী কীভাবে করা সম্ভব? কেউ বিচারাধীন মামলা নিয়ে ভবিষ্যদ্বাণী করতে পারেন না। এ ধরনের কাজ ট্রাইব্যুনাল আইনের ১১(৪) ধারায় আদালতের জন্য অবমাননাকর।’ এ জন্য এই প্রতিবেদনের প্রতিবেদককে ৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা করতে হবে—কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না। ট্রাইব্যুনাল আরও বলেন, পত্রিকার সম্পাদকও এ ধরনের প্রতিবেদন প্রকাশের দায়দায়িত্ব এড়াতে পারেন না। তাঁকেও ওই দিন আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দিতে হবে।