বাংলাদেশ ফান্ডসহ দুটি মিউচুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন
পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে গঠিত পাঁচ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। একই সঙ্গে বাংলাদেশ ফিক্সড ইনকাম নামে মিউচুয়াল ফান্ডের আরেকটি প্রসপেক্টাসও অনুমোদন করা হয়েছে। আজ বুধবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।সাইফুর রহমান আরও জানান, এরই মধ্যে ফান্ডটির উদ্যোক্তা অংশ দেড় হাজার কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। এখন বাকি সাড়ে তিন হাজার কোটি সংগ্রহ করা যাবে।জানা যায়, গত ৪ মে বাংলাদেশ ফান্ডের চূড়ান্ত অনুমোদন দেয় এসইসি। এরই পরিপ্রেক্ষিতে পরের দিন ৫ মে থেকে উদ্যোক্তা অংশ থেকে পুঁজিবাজারে বিনিয়োগ শুরু করে ফান্ডটি।বাংলাদেশ ফান্ডের উদ্যোক্তা হিসেবে কাজ করছে রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা, জীবন বীমা করপোরেশন, সাধারণ বীমা করপোরেশন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)।তারল্যসংকট কাটিয়ে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে গত ২৮ ফেব্রুয়ারি একটি বিশেষ ফান্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ফান্ডটির নাম দেওয়া হয় ‘বাংলাদেশ ফান্ড’, যা একটি ওপেন অ্যান্ড মিউচুয়াল ফান্ড। ফান্ডটির আকার পাঁচ হাজার কোটি টাকা। এর ৭৫ শতাংশ পুঁজিবাজারে এবং বাকি ২৫ শতাংশ মুদ্রাবাজারে বিনিয়োগ করা হবে। পরে ফান্ডটির আকার আরও বাড়তে পারবে।এ ছাড়া মিউচুয়াল ফান্ডটির প্রতি ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। প্রতি ১০০টি ইউনিটে একটি মার্কেট লট। এই হিসাবে প্রতি লটের দাম পড়বে এক লাখ টাকা। আইসিবির ওটিসি মার্কেটে ফান্ডটি লেনদেন হবে। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এতে বিনিয়োগ করতে পারবে।আজকের বৈঠকে অনুমোদন পাওয়া বাংলাদেশ ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডের আকার ৫০০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তাদের কাছ থেকে ২০০ কোটি টাকা সংগ্রহ করা হবে। বাকি ৩০০ কোটি টাকার মধ্যে ৫০ কোটি টাকা প্লেসমেন্টের মাধ্যমে আর ২০০ কোটি টাকা সাধারণ মানুষের কাছ থেকে তোলা হবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।মিউচুয়াল ফান্ডটির উদ্যোক্তা হিসেবে কাজ করছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও আইসিবি ইউনিট ফান্ড এবং সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।