বাংলাদেশ ফান্ডের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার আইসিবির আইএসটিসিএল হলে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফান্ডের কার্যক্রম উদ্বোধন করেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন।অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফায়েকুজ্জামান এবং জনতা ব্যাংকের ক্যাপিটাল ম্যানেজমেন্ট বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহাঙ্গীর মিয়া।শুভেচ্ছা বক্তব্যে ফায়েকুজ্জামান বলেন, ‘গত বছরের ডিসেম্বর ও এ বছরের জানুয়ারিতে শেয়ারবাজারে ভয়াবহ দরপতনের ঘটনা ঘটে। এর ফলে বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা কমতে থাকে। এমন এক ক্রান্তিকালে বাজারে স্থিতিশীলতা আনতে পাঁচ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ডটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।’ ফান্ডটি বাজারে স্থিতিশীলতা ফেরাতে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বাজারের গভীরতা সৃষ্টি, স্থিতিশীলতা আনয়ন, শক্তিশালী তহবিল গঠন ও তহবিলটিতে বিনিয়োগকারীদের আকর্ষণীয় মুনাফা দেওয়ার লক্ষ্যে পাঁচ হাজার কোটি টাকার এই তহবিলটি গঠন করা হয়েছে বলেও জানান আইসিবির এমডি।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এম খায়রুল হোসেন বলেন, ‘বাংলাদেশ ফান্ড গঠন পুঁজিবাজারের ইতিহাসে একটি মাইলফলক। এই ফান্ডটি সেকেন্ডারি মার্কেটে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আর সেকেন্ডারি মার্কেট গতিশীল থাকলে প্রাইমারি মার্কেটের প্রতিও মানুষ আকৃষ্ট হবে।’ তিনি আরও বলেন, এক কথায় ফান্ডটি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে এনে বাজার স্থিতিশীল করতে সহায়তা করবে। অন্যদিকে এই ফান্ডের মাধ্যমে বিনিয়োগকারীরা আকর্ষণীয় মুনাফা অর্জন করতে পারবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফান্ডটির উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।ফান্ডটির উদ্যোক্তা হিসেবে কাজ করছে রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক—সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা, জীবন বীমা করপোরেশন, সাধারণ বীমা করপোরেশন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)।তারল্যসংকট কাটিয়ে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে গত ২৮ ফেব্রুয়ারি একটি বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ফান্ডটির আকার হবে পাঁচ হাজার কোটি টাকা। পরে ফান্ডটির নাম দেওয়া হয় ‘বাংলাদেশ ফান্ড’, যা একটি ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড। ফান্ডটির ৭৫ শতাংশ পুঁজিবাজারে এবং বাকি ২৫ শতাংশ মুদ্রাবাজারে বিনিয়োগ করা হবে। পরে ফান্ডটির আকার আরও বাড়তে পারে।এ ছাড়া মিউচুয়াল ফান্ডটির প্রতি ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। প্রতি ১০০টি ইউনিটে একটি মার্কেট লট। এ হিসেবে প্রতি লটের দাম পড়বে এক লাখ টাকা। আইসিবির ওটিসি মার্কেটে ফান্ডটি লেনদেন হবে। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এতে বিনিয়োগ করতে পারবে।