বাংলাদেশ বসন্ত টিকিয়ে রাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এ ৪ মার্চ প্রকাশিত হয় ‘সেভিং দ্য বাংলাদেশ স্প্রিং’। শাহবাগের আন্দোলনকে মধ্যপ্রাচ্যের আরব বসন্তের সঙ্গে তুলনা করে বাংলা বসন্ত, বাংলাদেশ বসন্ত ইত্যাদি শব্দ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে চালু হয়ে গেছে এর আগেই। ওয়াল স্ট্রিট জার্নাল-এ নিবন্ধটি যখন প্রকাশিত হয়, তত দিনে সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়েছে এবং তারপর দেশজুড়ে ব্যাপক সহিংসতায় অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। এই প্রেক্ষাপটে পত্রিকাটি লিখেছে, ‘১৯৭১ সালের পর বাংলাদেশ সবচেয়ে বেশি সহিংস ঘটনার মুখোমুখি এখন। যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর এক নেতাকে আদালত শাস্তি দেওয়ায় দলটি সহিংসতা শুরু করেছে। সাধারণ মানুষের পাশাপাশি পুলিশও তাদের লক্ষ্যবস্তু হয়েছে। আর দেশকে আরও সন্ত্রস্ত করে তুলতে ইসলামপন্থীদের পাশাপাশি তাদের মিত্র দলগুলো দেশজুড়ে হরতাল দিচ্ছে।’নিবন্ধটিতে আরও লেখা হয়েছে, ‘তবে আশার কথা হচ্ছে, বাংলাদেশিরা ভয়ে লেজ গুটিয়ে বসে থাকেনি। দেশটির দ্রুত বিকাশমান মধ্যবিত্ত শ্রেণী জামায়াতের এই মৌলবাদ ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। তারা বিচার চাচ্ছে ৭১-এ বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের বিরুদ্ধাচারণ করে হত্যাযজ্ঞে অংশ নেওয়া পাকিস্তানি সেনাবাহিনীর দোসরদের, যাদের অনেকেই জামায়াতের সদস্য।’পত্রিকাটি লিখেছে, ‘জামায়াত প্রথম থেকেই শাহবাগ আন্দোলনকে ইসলামবিরোধী এবং অংশগ্রহণকারীদের অনুভূতিকে ধর্মদ্রোহ হিসেবে চিত্রায়িত করতে জোর প্রচেষ্টা চালালেও বাংলাদেশিরা ইসলামপন্থীদের এই সংকীর্ণ মানসিকতাকে প্রত্যাখ্যান করেছে। তাই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল পরে দলটির আরেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিলে দলটি সব ধরনের সহিংসতা ঘটানোর সিদ্ধান্ত নেয়। তবে শাহবাগের তরুণেরা তাদের দাবির প্রতি অটল থেকে জামায়াতের ইসলামি দেশ গড়ার উচ্চাভিলাষের বিরুদ্ধে সোচ্চার হয়ে কথা বলা অব্যাহত রেখেছে।’নিবন্ধটির শেষে মন্তব্য করা হয়েছে, ‘এই অবস্থায় বাংলাদশ সরকার ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ বিষয়। পশ্চিমারা আরব বিশ্ব ও পাকিস্তানের নিপীড়িত মধ্যপন্থীদের সহায়তায় খুব সামান্যই কাজ করেছে। তবে বাংলাদেশ হচ্ছে এমনই একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে মূলধারার লোকজন একটি মধ্যপন্থী রাজনীতির জন্য সোচ্চার হচ্ছে। জামায়াতের মতো গোষ্ঠীগুলো সহিংসতার হুমকি দিয়ে গণতন্ত্রকে জিম্মি করে রাখবে—এটা হতে দেওয়া যায় না।’