বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত
বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।আজ বৃহস্পতিবার বিচারপতি ফরিদ আহমদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন। একই সঙ্গে ঘোষিত তফসিলের অধীনে ত্রুটিপূর্ণ ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচনী প্রক্রিয়া কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।আগামী চার সপ্তাহের মধ্যে বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আগামী ২৮ মে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।বার কাউন্সিলের ভোটার তালিকা ত্রুটিপূর্ণ—এমন অভিযোগে মোহাম্মদ সালেহ উদ্দিনসহ সুপ্রিম কোর্টের চার আইনজীবী আজ এ রিট আবেদনটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকী, তাঁকে সহায়তা করেন আইনজীবী নাজনীন নাহার। অন্যপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।