বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড পেলেন পাঁচ ব্যবসায়ী ও প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সততা ও দক্ষতার সঙ্গে ব্যবসা পরিচালনার মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য বিভিন্ন খাতে পাঁচজন সেরা ব্যবসায়ী ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে গতকাল শুক্রবার ‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০০৯’ দেওয়া হয়েছে।আন্তর্জাতিক কুরিয়ার সেবা দানকারী প্রতিষ্ঠান ডিএইচএল ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ১০ বছর ধরে এ পুরস্কার দিয়ে আসছে।এ বছর সেরা ব্যবসায়িক ব্যক্তিত্ব, সেরা ব্যবসাপ্রতিষ্ঠান, সেরা নারী ব্যবসায়ী, সেরা আর্থিক প্রতিষ্ঠান ও আজীবন সম্মাননা—এই পাঁচটি শ্রেণীতে পুরস্কার দেওয়া হয়েছে। সেরা ব্যবসায়ী ব্যক্তিত্ব শ্রেণীতে এবার পুরস্কার পেয়েছেন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম। জাহাজ নির্মাণের মতো অপ্রচলিত ও সৃজনশীল শিল্পে বিশেষ অবদানের জন্য তিনি এ পুরস্কার পান। সেরা ব্যবসাপ্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে স্কয়ার ফার্মাসিটিউক্যালস লিমিটেড। ৫০ বছরেরও বেশি আগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি দেশের ওষুধশিল্পে নেতৃত্ব দিয়ে আসছে। পুরস্কার তুলে দেওয়া হয় প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক অঞ্জন চৌধুরীর হাতে। সেরা নারী ব্যবসায়ী হিসেবে পুরস্কার পেয়েছেন রূপচর্চাবিষয়ক প্রতিষ্ঠান ‘পারসোনা’র ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান। সৃজনশীল ব্যবসা পরিচালনা করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও সামাজিক দায়বদ্ধতায় (সিএসআর) অবদানের জন্য তিনি এ পুরস্কার পান।সেরা আর্থিক প্রতিষ্ঠানের পুরস্কার দেওয়া হয়েছে ব্যাংকিং খাতের অন্যতম বৃহত্ প্রতিষ্ঠান পূবালী ব্যাংক লিমিটেডকে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ চৌধুরী পুরস্কারটি গ্রহণ করেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) বিকাশে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বেসরকারি খাতের এ ব্যাংককে এবার সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বেছে নেওয়া হয়েছে। আর বিমা খাতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসির এ চৌধুরী। ৫২ বছর ধরে দেশের বিমা খাতের উন্নয়নে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি।বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান নেলসনের সহযোগিতায় ১২ সদস্যদের বিচারকমণ্ডলী বিজয়ীদের নির্বাচিত করেন। বিশিষ্ট অর্থনীতিবিদ, ব্যবসায়ী নেতা, সাংবাদিক ও ব্যাংকাররা এই বিচারকমণ্ডলীর সদস্য ছিলেন।রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। অনুষ্ঠানে স্বাগত ব্যক্তব্য দেন ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম এবং ডিএইচএল এক্সপ্রেসের দক্ষিণ এশীয় অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ম্যালকম মন্টেরো।মাহফুজ আনাম বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। কিন্তু তাঁদের সেই অবদানকে খুব কমই স্বীকৃতি দেওয়া হয়। নীতি সহায়তা পেলে ব্যবসায়ীরা নেতৃত্ব দিয়ে দেশকে আরও সামনে নিয়ে যাবেন।ম্যালকম মন্টেরো এ ধরনের পুরস্কার আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন।গভর্নর আতিউর রহমান বলেন, দেশের উদ্যোক্তারা তৈরি পোশাকের পাশাপাশি সেবা ও সমুদ্রগামী জাহাজ রপ্তানির দিকেও অগ্রসর হচ্ছেন। এর মাধ্যমে দেশের রপ্তানিবৈচিত্র্যও বাড়ছে। তিনি বলেন, ছোট ছোট সমস্যা দূর করে ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনা গেলে দেশের অর্থনৈতিক অবস্থা অনেক শক্তিশালী হবে।পুরস্কার বিজয়ীরা তাঁদের অনুভূতি জানাতে গিয়ে বলেন, এ ধরনের স্বীকৃতি তাঁদের আরও উৎসাহিত করবে।অনুষ্ঠানের শেষ ভাগে মাহফুজ আনাম সাভারে অবস্থিত পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) জন্য ৫০ কোটি টাকার সহায়তা তহবিল গঠনের ঘোষণা দেন। ডেইলি স্টার, প্রথম আলো ও বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের উদ্যোগে এ তহবিল গঠিত হবে। মাহফুজ আনাম এ জন্য ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা চান।