ভারতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত টিমোথি রোমার বলেছেন, বাংলাদেশ বিষয়ে তাঁরা ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। ভারতে তাঁর মেয়াদ শেষে বিদায় নেওয়ার আগে গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রোমার এ কথা বলেন।রোমার বলেন, ‘আঞ্চলিক বিভিন্ন বিষয়েও আমরা ভারতের সঙ্গে একত্রে কাজ করছি। এসব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছি। আফগানিস্তান বিষয়ে একসঙ্গে কাজ করছি। সেখানকার সফলতার সঙ্গে আমাদের যৌথ স্বার্থ জড়িত। আফ্রিকার জন্য খাদ্যের জোগান দেওয়ার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র-ভারত যৌথভাবে কাজ করেছে।’বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র-ভারত একসঙ্গে কাজ করছে বলে জানালেও মার্কিন রাষ্ট্রদূত এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। তবে মনে করা হচ্ছে, বাংলাদেশের নিরাপত্তা ও উন্নয়নের অগ্রগতি নিয়ে যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে ভারতের সঙ্গে পরামর্শ করে থাকে।যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের বিষয়ে টিমোথি রোমার বলেন, ‘গত দুই বছরে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এর উদাহরণ হিসেবে প্রথমেই বলা যায়, ওবামা প্রশাসনের প্রথম রাষ্ট্রীয় নৈশভোজে প্রধানমন্ত্রী মনমোহন সিং আমন্ত্রিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এক ঐতিহাসিক ও যুগান্তকারী সফরে ভারতে এসেছেন। এ সময় তিনি বিশ্বজুড়ে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে কথা বলেছেন।’বিদায়ী রাষ্ট্রদূত আরও বলেন, ‘সন্ত্রাসবাদবিরোধী লড়াই ও গোয়েন্দা তথ্যবিনিময়ে আমাদের সহযোগিতা আরও বেড়েছে। প্রতিরক্ষা ও কৌশলগত প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সযোগিতা জোরদার হয়েছে। এর মধ্যে ভারতের কাছে সি-১১ বিমান বিক্রির বিষয়ে সমঝোতা হয়েছে। এতে ভারতের শক্তি আরও বাড়বে এবং মানবিক ও দুর্যোগকালীন ত্রাণপ্রচেষ্টার সক্ষমতাসহ আঞ্চলিক শক্তিও বাড়বে।’মার্কিন কূটনীতিক আরও বলেন, এসবের মধ্যে এশিয়ায় দুই দেশের যৌথ কৌশলগত স্বার্থ প্রতিফলিত হয়েছে। প্রেসিডেন্ট ওবামা যেমন বলেছেন, গণতন্ত্র, শান্তি ও বৈশ্বিক উন্নয়নবিষয়ক কাজে একুশ শতকে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ভারত।রোমার প্রায় দুই বছর ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের আগস্টে তিনি রাষ্ট্রদূত হিসেবে ভারতে আসেন।