সাংবাদিক মোজাম্মেল হোসেন মন্টুর নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশ বেভারেজকে দুই কোটি এক লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। গত মঙ্গলবার বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. নুরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। নিম্ন আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে বাংলাদেশ বেভারেজের করা আপিলের পরিপ্রেক্ষিতে এ রায় দেওয়া হয়।প্রসঙ্গত, গতকাল কোনো কোনো পত্রিকা বাংলাদেশ বেভারেজের পরিবর্তে ট্রান্সকম বেভারেজ লিখেছে। গতকাল যোগাযোগ করা হলে বাংলাদেশ বেভারেজের আইনজীবী শেখ ফজলে নূর তাপস প্রথম আলোকে বলেন, ‘মামলাটি দায়ের করা হয় বাংলাদেশ বেভারেজের বিরুদ্ধে। তাই এর দায় আগের কোম্পানির; ট্রান্সকমের নয়। আমি বাংলাদেশ বেভারেজের আইনজীবী। পত্রিকায় দেখেছি ট্রান্সকমের আইনজীবী লেখা হয়েছে। এতে অবাক হয়েছি।’ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান তিনি।১৯৮৯ সালের ৩ ডিসেম্বর রাজধানীর শান্তিনগরের আনন্দ ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় সেভেন-আপ, পেপসি কোলা-বোঝাই একটি ট্রাক সংবাদ-এর তৎকালীন বার্তা সম্পাদক মন্টুকে চাপা দেয়। ১৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। ১৯৯১ সালের ১ জানুয়ারি তাঁর স্ত্রী রওশন আক্তার তিন কোটি ৫২ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে বাংলাদেশ বেভারেজের জেনারেল ম্যানেজার ও ট্রাকচালকের বিরুদ্ধে মামলা করেন।২০০৫ সালের ২০ মার্চ ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালত এক রায়ে বাংলাদেশ বেভারেজ লিমিটেডকে সাড়ে তিন কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। একই বছর হাইকোর্টে আপিল করে বাংলাদেশ বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরপর হাইকোর্ট ১১ মে অর্থদণ্ড কমিয়ে রায় দেন।ট্রান্সকমের ব্যাখ্যাহাইকোর্টের জরিমানা-সংক্রান্ত সংবাদের ব্যাপারে ট্রান্সকম বেভারেজেস লিমিটেড গতকাল একটি ব্যাখ্যা দিয়েছে। এতে বলা হয়, হাইকোর্ট ওই সময় বাংলাদেশে পেপসির ফ্র্যানচাইজি বট্লার বাংলাদেশ বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ক্ষতিপূরণ দিতে বলেছেন। এর সঙ্গে ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের কোনো সম্পর্ক নেই।ব্যাখ্যায় বলা হয়, ‘২০০০ সালের জানুয়ারি মাসে ট্রান্সকম বেভারেজেস পেপসির বোতলজাতকরণের দায়িত্ব নেয় এবং পেপসির বোতলজাতকরণ প্রক্রিয়া অব্যাহত রাখতে শুধু বাংলাদেশ বেভারেজের সম্পদ অধিগ্রহণ করে। ট্রান্সকম বেভারেজেস কখনোই বাংলাদেশ বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোনো শেয়ার বা মালিকানা নেয়নি। বরং বাংলাদেশ বেভারেজ ইন্ডাস্ট্রিজের মূল শেয়ারহোল্ডাররাই এ শেয়ারগুলোর মালিক এবং তারাই এ মামলাটির দায়ভার বহন করছে। তাই আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে হাইকোর্টের এ রায়ের সঙ্গে ট্রান্সকম বেভারেজেস লিমিটেড বা পেপসির কোনো সম্পর্ক নেই।’