বাংলাদেশ-বেলারুশের ১২ চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও বেলারুশের প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে ১২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচের উপস্থিতিতে সাতটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হয়।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক, কৃষি, শিক্ষা ও সামরিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়বে।তিন দিনের রাষ্ট্রীয় সফরে বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচ গতকাল রোববার দুপুরে ঢাকায় আসেন। ১৯৯১ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর দুই দেশের মধ্যে এটিই সর্বোচ্চ পর্যায়ের সফর। এ সফরের মূল লক্ষ্য, রপ্তানি ও বাণিজ্য বাড়ানোর মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ।বাংলাদেশ সফরের প্রথম দিনে বেলারুশের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য দেন। এর পর তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান। সন্ধ্যায় বেলারুশের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল স্যুটে সৌজন্য সাক্ষাত্ করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। এ সময় তাঁরা দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।