বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যে আগের চেয়ে এগিয়েছে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যে আগের চেয়ে অনেক এগিয়েছে। সরকার দেশীয় পণ্যের মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসারে ব্যাপক প্রশংসা অর্জিত হয়েছে।আজ রোববার দুপুর সাড়ে ১২টায় খুলনা সার্কিট হাউস ময়দানে ১০ম আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, দেশ গত বছর ব্যবসা-বাণিজ্যে ৪.২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এতে রপ্তানি আয় হয়েছে এক লাখ ৪০ হাজার কোটি টাকা। ভবিষ্যতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬০ হাজার কোটি টাকা।ফারুক খান বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বহুলাংশে বৃদ্ধি পাওয়ায় এ দেশেও পণ্যমূল্য বেড়েছে। ২০০৯ সালের ৬ জানুয়ারি মহাজোট সরকার গঠনের পর চালের দাম অর্ধেকে নামিয়ে আনা হয়। কিন্তু কৃষকের ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে চালের মূল্য কিছুটা বেড়েছে। তবে তা কমিয়ে আনার জন্য চেষ্টা চলছে। ইউনিয়ন পর্যায়ে ওএমএস ভিজিডি, ভিজিএফ, ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে প্রায় এক কোটি মানুষ বিভিন্নভাবে কম মূল্যে চাল পাওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। ফলে চালের মূল্য আগের থেকে অনেক কমেছে।খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হকের সভাপতিত্বে আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সফিকুর রহমান, জেলা প্রশাসক জামসের আহম্মেদ খন্দকার, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।উল্লেখ্য, খুলনার সার্কিট হাউস ময়দানে মাসব্যাপী ১০ম আন্তর্জাতিক বাণিজ্য মেলা খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও মীর ব্রাদার্স যৌথভাবে আয়োজন করেছে। মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।