বাংলাদেশ ব্যাংক অনুৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ নিরুৎসাহিত করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুৎপাদনশীল খাত ও ফাটকা কারবারে ঋণপ্রবাহ নিরুৎসাহিত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে। নতুন নীতিতে আগামী দিনগুলোয় তিনটি উৎস থেকে দেশে মূল্যস্ফীতির চাপ তৈরি হওয়ার বিষয়ও বিবেচনায় নেওয়া হয়েছে। আর তাই নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতির চাপ প্রশমনসহ অনুৎপাদনশীল খাতে অর্থপ্রবাহ নিয়ন্ত্রণ করতে বেসরকারি খাতের ব্যাংক ঋণে কিছুটা রাশ টানার পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান আনুষ্ঠানিকভাবে ষাণ্মাসিক মুদ্রানীতি ঘোষণা করেন। এ উপলক্ষে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় ব্যাংকের তিন ডেপুটি গভর্নর—নজরুল হুদা, জিয়াউল হাসান সিদ্দিকী ও মুরশিদ কুলী খান, জ্যেষ্ঠ পরামর্শক আল্লা মালিক কাজেমীসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আতিউর রহমান বলেন, এই মুদ্রানীতিতে উৎপাদনশীল সব অর্থনৈতিক খাতের প্রসারে ঋণপ্রাপ্তি বাড়ানোর দিকে জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে অপচয়ী ভোগ ও অনুৎপাদনশীল ফটকাবাজারী বিনিয়োগের প্রসার নিরুৎসাহিত করার চলমান প্রয়াস বেগবান করা হয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এ কাজে সাফল্যের জন্য দেশের নাগরিক সমাজের সক্রিয়তার ওপর জোর দেন। তিনি বলেন, ‘নির্বিচারে ভোগব্যয় ও বিভিন্ন ধরনের ফটকামূলক কারবার নিরুৎসাহিত করতে হলে আমাদের মধ্যে একটি সাংস্কৃতিক পরিবর্তনও প্রয়োজন।’