বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রীর অবস্থান দুঃখজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সোনালী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি এর নিরপেক্ষ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘রাষ্ট্রায়াত্ত বাণিজ্যিক ব্যাংকে এরূপ অর্থ আত্মসাতের ঘটনা ব্যাংকের ব্যবস্থাপনা ও পরীবিক্ষণে কলঙ্কময় দুর্বলতার প্রমাণ। অন্যদিকে ঘটনার সঙ্গে প্রভাবশালী মহলের যোগসাজশ প্রকারান্তরে রাষ্ট্রক্ষমতা করায়াত্ত করে দুর্নীতি প্রসারের আশঙ্কাজনক ইঙ্গিত বহন করছে।’ বিবৃতিতে বলা হয়, এ ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রীর দ্বান্দ্বিক অবস্থান দুঃখজনক। এটা একদিকে যেমন ঘটনার সুষ্ঠু তদন্তের পক্ষে সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে, অন্যদিকে পুরো ব্যাংকিং ও আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতার সুযোগ সৃষ্টি করবে।বিবৃতিতে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমন্বয়ের অভাব অবিলম্বে দূর করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কোনো ধরনের ভয়-ভীতি বা করুণার প্রভাবমুক্ত হয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানায় টিআইবি।