হল-মার্ক গ্রুপের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় এবার বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের ২৩ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার বিকেলে এসব কর্মকর্তার প্রত্যেকের ঠিকানায় নোটিশ পাঠান সংশ্লিষ্ট তদন্ত দলের প্রধান ও দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদীন। তলব করা কর্মকর্তারা সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়, ধামরাই শাখা ও রূপসী বাংলা শাখা (হোটেল শেরাটন) ও বাংলাদেশ ব্যাংকে কর্মরত আছেন। জানা গেছে, ২৪ ফেব্রুয়ারি সোনালী ব্যাংকের ধামরাই শাখার ব্যবস্থাপক সরোয়ার হোসেন আনসারী, ব্যাংকের প্রধান কার্যালয়ের ভিজিল্যান্স বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) বিজন কুমার পাল, মর্ডানাইজেশন ডিভিশনের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মোরশেদ আলম খন্দকার, অডিট ও ইনস্পেকশন বিভাগের নির্বাহী কর্মকর্তা মো. একরামুল হক মণ্ডল, জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা খন্দকার ওয়ালিজা (কে ডব্লিউ) শাহিদা খানম এবং সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শামীম আখতারকে দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হতে বলা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিদর্শন ও নিরীক্ষা বিভাগ-২-এর সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবুল বাশার মিজি, আইটিএফডি বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মো. সোহরাব হোসেন, অডিট ও নিরীক্ষা বিভাগ-২-এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আজিজুন্নাহার, মহাব্যবস্থাপক (জিএম) এ কে এম নুরুল ইসলাম, মহাব্যবস্থাপক (জিএম) মো. আবু মুছা, ভিজিল্যান্স ও কন্ট্রোল বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এম এইচ এস আবু জাফর, শেরাটন হোটেল শাখার জুনিয়র অফিসার (ক্যাশ) সাইদুর রহমান মিয়াকে দুদকে হাজির হতে হবে।নোটিশ অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি দুদকে হাজির হতে বলা হয়েছে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের এডি ব্রাঞ্চেস ইনস্পেকশন অ্যান্ড মনিটরিং বিভাগের নির্বাহী কর্মকর্তা এ এস এম আবদুুল লতিফ, একই বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মো আনিসুজ্জামান, পিডি শাখার জিএম মোস্তাফিজুর রহমান ও একই শাখার এজিএম গোলাম নবী মল্লিক, হোটেল শেরাটন করপোরেট শাখার ক্যাশ অফিসার তাসলিমা বেগম, ঢাকা জিএম অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) এ কে এম মুসা ভূঁইয়া ও জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা ওয়াহিদ উদ্দিন আহমেদকে। এ ছাড়া ওই দিনই বাংলাদেশ ব্যাংকের ফাইন্যানশিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিস বিভাগের যুগ্ম পরিচালক মনির আহাম্মদ সিকদার, প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন ও সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে দুদকে হাজির হতে নোটিশ পাঠানো হয়েছে। সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখা থেকে হল-মার্কসহ ছয় প্রতিষ্ঠান মিলে তিন হাজার ৬০০ কোটি টাকা আত্মসাত করার ঘটনায় ফান্ডেড (এক হাজার ৯১৮ কোটি) টাকার বিপরীতে মোট ৩৭টি মামলা করেছে দুদক। অন্যদিকে, নন-ফান্ডেড এক হাজার ৬৫০ কোটি টাকা আত্মসাতের সঙ্গে দেশি-বিদেশি ২৬টি ব্যাংকের সম্পৃক্ততাও পেয়েছে দুদক। হল-মার্ক ঘটনার তদন্ত দলের প্রধান ও দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদীনের নেতৃত্বে আট সদস্যের তদন্ত দল এ বিষয়ে কাজ করছেন।