বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মরদেহ আসবে কাল ভোরে
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সচিব জাহাঙ্গীর আলমের মরদেহ কাল শনিবার ভোর পাঁচটায় ইস্তাম্বুল থেকে ঢাকায় এসে পৌঁছাবে। ইতিমধ্যেই তার মৃতদেহ নিয়ে একটি বিমান ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে এ খবর জানান। কাল সকাল সাড়ে নয়টায় মিন্টো রোডে বাংলাদেশ ব্যাংক কলোনিতে জাহাঙ্গীর আলমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় তাঁর দীর্ঘ ২৫ বছরের বাসস্থান শনির আখড়ার ধনিয়ায় দ্বিতীয় জানাজে অনুষ্ঠিত হবে। এরপর ইসলামী ব্যাংক হাসপাতালের হিমঘরে সারা দিন তাঁর লাশ রাখা হবে। পরের দিন রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ব্যাংকে জানাজা শেষে তাঁর মরদেহ কুমিল্লার দেবীদ্বারে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে জাহাঙ্গীর আলমকে। এদিকে জাহাঙ্গীর আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁর শুভানুধ্যায়ীরা। নেপালে অবস্থানরত বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান মুঠোফোনে প্রথম আলো ডটকমকে জানান, জাহাঙ্গীর আলমের মৃত্যুতে ব্যাংকিং খাতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আর বাংলাদেশ ব্যাংক একজন দক্ষ কর্মকর্তাকে হারাল। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে হূদরোগে আক্রান্ত হয়ে ইস্তাম্বুলে মারা যান জাহাঙ্গীর আলম। ইসলামি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ডের (আইএফএসবি) একটি সভায় বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিত্ব করতে গত রোববার ইস্তাম্বুলে গিয়েছিলেন তিনি।