বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজার নিয়ন্ত্রণ করে না: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, পুঁজিবাজারে বড় ধরনের দরপতন বা মূল্যসূচক বৃদ্ধির সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজার নিয়ন্ত্রণ করে না। এ জন্য একটি আলাদা নিয়ন্ত্রণকারী সংস্থা রয়েছে। তবে স্থিতিশীল পুঁজিবাজার বজায় রাখতে সহায়ক সম্ভাব্য সবকিছুই করা হচ্ছে।আজ শুক্রবার বগুড়ায় পল্ল¬ী উন্নয়ন একাডেমীতে ‘নদী ও জীবন’ প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের চর এলাকার ছয়টি এনজিওর দুই হাজার ছাত্রছাত্রীর মধ্যে সৌরশক্তিচালিত বাতি ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাউথইস্ট ব্যাংকের পক্ষ থেকে এসব উপকরণ বিতরণ করা হয়।সাম্প্রতিক সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দরপতনের পর কোনো কোনো ক্ষুদ্র বিনিয়োগকারীর সন্দেহের তীর কেন্দ্রীয় ব্যাংকের দিকে ওঠার পরিপ্রেক্ষিতে গভর্নর এ মন্তব্য করলেন।আতিউর রহমান বলেন, পুঁজিবাজারে বড় ধরনের দরপতন হলেই সাধারণ মানুষের মধ্যে এমন একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয় যে এ দরপতনের জন্য বাংলাদেশ ব্যাংক দায়ী। সাম্প্রতিক দরপতনের পর কেন্দ্রীয় ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানের দিকে কেউ কেউ মিছিল নিয়ে এসে আক্রশ প্রকাশ করেছে, যা খুবই দুঃখজনক। পুঁজিবাজারের স্থিতিশীলতা নষ্ট হয়, এমন কোনো পদক্ষেপও বাংলাদেশ ব্যাংক নেয়নি। সঠিক মুদ্রানীতি প্রণয়ন ও তার বাস্তবায়ন এবং আর্থিক খাতের শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষা করাই বাংলাদেশ ব্যাংকের প্রধান কাজ। তবে এ মুদ্রানীতি প্রণয়নের সময় মূল্যস্তরের বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হয়। গভর্নর বলেন, যদি কোনো এক বা একাধিক ব্যাংক তারল্য-সংকটে পড়ে এবং তার জন্য অত্যন্ত চড়া সুদে কলমানি মার্কেট থেকে টাকা ধার করতে বাধ্য হয় সে জন্য ওই ব্যাংকের দুর্বল ফান্ড ব্যবস্থাপনাই দায়ী, বাংলাদেশ ব্যাংক নয়।সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন ও আইরিশ সাহায্য সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী এবং কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এ কে এম মুসা। বাসস।