শেয়ারবাজারের বর্তমান অবস্থা নিয়ে গতকাল সোমবার প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাজার বিশেষজ্ঞ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মুসা। তাঁর সঙ্গে কথাবার্তায় উঠে এসেছে শেয়ারবাজারের বিভিন্ন দিক।প্রথম আলো: শেয়ারবাজারে টানা কয়েকদিন দরপতনের পর গত দুই দিন চাঙাভাব দেখা গেছে। এটাকে আপনি কীভাবে দেখছেন?মোহাম্মদ মুসা: যে কোনো বাজারেই অব্যাহতভাবে দরপতন হলে শেয়ারের দাম কমে একটা পর্যায়ে চলে যায়। এক সময় না একসময় শেয়ারের দাম আবার বাড়তে বাধ্য হয়।ইতিমধ্যে আমাদের নিয়ন্ত্রক সংস্থাগুলো বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে, যা অবশ্যই বাজারের জন্য ইতিবাচক। এর মধ্যে অন্যতম হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বাংলাদেশ ব্যাংকে বোঝাতে সমর্থ হয়েছে যে, বাজারের বর্তমান তারল্য সংকট দূর করতে মার্চেন্ট ব্যাংকগুলোর একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময়সীমা বাড়ান প্রয়োজন। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক এই সীমা ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এতে মার্চেন্ট ব্যাংকগুলো কিছু সময়ের জন্য শেয়ার বিক্রির চাপ কমিয়ে দিয়েছে।অন্যদিকে, গত কয়েকদিন ধরে দেখছিলাম যে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে বলা হচ্ছিল এখন শেয়ার বাজারে বিনিয়োগ করা উচিত। কেননা এখন অনেক শেয়ারের দাম অবমূল্যায়িত রয়েছে। এ ছাড়া আমরা যাঁরা শেয়ারবাজারের সঙ্গে সংশ্লিষ্ট আছি, বিশেষ করে শেয়ারবাজার নিয়ে গবেষণা করি তাঁদের মতেও অনেক শেয়ারের দাম এখন বেশ কমেছে। সুতরাং সেসব শেয়ারে বিনিয়োগ করলে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এসব কারণে মনে হয় যাঁরা এতদিন সাইডলাইনে ছিলেন, বেচাকেনা বন্ধ রেখেছিলেন, যাতে আরও দাম কমে। তাঁরা হয়তো আবারও বাজারে সক্রিয় হওয়ার হতে শুরু করেছেন। তাঁদের অংশগ্রহণে হয়তো গত দুদিন ধরে শেয়ারের দাম বেড়েছে। তবে দু-এক দিনের মধ্যে প্রফিট টেকিং (লাভ উঠিয়ে নেওয়া) হওয়া বাজারে কিছুটা মূল্য সংশোধন হতে পারে।প্রথম আলো: বাজার স্থিতিশীল হতে পারে কীভাবে?মোহাম্মদ মুসা: দীর্ঘ মেয়াদি স্থিতিশীলতা আনতে বাজারে তারল্য বাড়াতে হবে। আর এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে আরও সক্রিয় হতে হবে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে শেয়ার বিক্রির জন্য চাপ প্রয়োগ না করা এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর ঋণ প্রবাহ বাড়ানো যেতে পারে। কেননা বাজারে অব্যাহত দরপতনের কারণে বিনিয়োগকারীদের ক্রয়ক্ষমতা অনেক কমে গেছে। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক আগামী ছয় মাস বা এক বছরের জন্য এ সংক্রান্ত বিধিনিষেধ শিথিল রাখলে বাজারে অর্থপ্রবাহ বেড়ে যাবে।প্রথম আলো: বাজারের স্থিতিশীলতা ফেরাতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (এসইসি) বিভিন্ন পক্ষ সম্প্রতি যেসব পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে আপনার মত কী?মোহাম্মদ মুসা: সরকারের ওপর বিনিয়োগকারীদের একটা চাপছিল। বেশ কিছুদিন ধরে তাঁরা আন্দোলন চালিয়ে আসছিলেন। এ ছাড়া এসইসিসহ সংশ্লিষ্টরা নিজেরাও একটা চাপের মধ্যে ছিল। এসইসি পুনর্গঠন ও বাংলাদেশ ফান্ড গঠনের পর বাজারে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা আসবে এমন আশা করছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু বাস্তবে তা দেখা যায়নি। গত এক সপ্তাহে আমরা দেখলাম অনেক কোম্পানির শেয়ারের দাম বেশি বেশি কমছিল।এর ফলে বিনিয়োগকারীরা আন্দোলন করেছিলেন। তাঁরা তাঁদের হতাশা প্রকাশ করেছিলেন। একপর্যায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজসহ (বিএপিএলসি) অনেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। তারা একপর্যায়ে বাংলাদেশ ব্যাংকে বুঝিয়ে ব্যাংক ও অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের একক গ্রাহক ঋণ সীমা সমন্বয়ের সময়সীমা বাড়াতে সক্ষম হয়েছে। এ ছাড়া মিউচুয়াল ফান্ডগুলোর সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর বিনিয়োগে যে বিধিনিষেধ ছিল তা শিথিল করা হয়েছে। এই সিদ্ধান্তগুলো বাজারকে স্থিতিশীল করতে সাহায্য করবে।প্রথম আলো: সংশ্লিষ্ট পক্ষগুলোর আর কী করার আছে?মোহাম্মদ মুসা: তারল্য সংকট কমাতে উদ্যোগ নেওয়া যেতে পারে। এ ছাড়া এসইসি এখন সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোকে বিনিয়োগে সক্রিয় হতে নির্দেশ দিতে পারে। কোম্পানিগুলো যথাযথভাবে বিনিয়োগ করছে কী না তা নজরদারি করতে হবে। অনেক কোম্পানির কাছে থাকা টাকা ফিক্সড ডিপোজিট (স্থায়ী আমানত) করে রাখা আছে। তাঁরা যেন এই টাকা ব্যাংকে না রেখে শেয়ারবাজারে এসে যেসব কোম্পানির দাম অনেক কমে গেছে সেসব কোম্পানিতে বিনিয়োগ করে। এতে তারা নিজেরাও লাভবান হবে।প্রথম আলো: বিনিয়োগকারীরা এখন বেশ হতাশ। তাদের উদ্দেশে আপনার কী বলবেন?মোহাম্মদ মুসা: আমি বিনিয়োগকারীদের অনুরোধ করব কোনো রকম গুজবে কান না দেওয়ার। কেননা পুঁজিবাজারে গুজব ছড়িয়ে অনেক কোম্পানির শেয়ারের দাম বাড়ানো হয়। আর গুজব কান দিয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হন।বর্তমানে অনেক ভালো মৌল ভিত্তির কোম্পানির দাম বেশ নীচে নেমে এসেছে। এটা নিজেদের খুঁজে বের করতে হবে। অন্যথায় যিনি এ সম্পর্কে জ্ঞান রাখেন তাঁর পরামর্শ নিতে হবে।এ ছাড়া কারও কাছে বেশি লাভ হয়েছে এমন শেয়ার থাকলে তা বিক্রি করে মুনাফা তুলে নিয়ে তুলনামূলক কম দামের শেয়ার কেনা উচিত। কেননা সামান্য দাম বাড়ার আশায় শেয়ার ধরে রাখলে এক পর্যায়ে উল্টো চিত্র দেখা যেতে পারে। এতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে যায়।প্রথম আলো: বাজার যে স্থিতিশীল হচ্ছে এটা বোঝা যাবে কীভাবে?মোহাম্মদ মুসা: বিনিয়োগকারীদের মধ্যে যখন অস্থিরতা না থাকে তখন বুঝা যাবে বাজার স্থিতিশীল। বাজার অস্থিতিশীল তখনই হয় যখন দরপতন ও দর বাড়ার দৈনন্দিন হার খুব বেশি হয়। যাকে ভোলাটিলিটি (উদ্বায়িতা) বলা হয়। এই ভোলাটিলিটি অনেক বেশি হয়ে গেলে তখন বুঝতে হবে বাজারে অস্থিতিশীলতা রয়েছে।শেয়ারবাজারে ওঠানামা থাকবে। তবে এই ওঠানামা একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। খুব বেশিও না আবার খুব কমও না। এ ক্ষেত্রে অস্বাভাবিক হলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট দেখা দিবে। তাই বাজারে স্থিতিশীলতা বাজার রাখতে রেগুলেটরদের এই বিষয়টি অবশ্যই লক্ষ রাখতে হবে।প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।মোহাম্মদ মুসা: আপনাদেরকেও।