বাংলাদেশ ব্যাংকের তদারকি ব্যবস্থা পর্যালোচনার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংক খাতে হলমার্কের মতো এত বড় জালিয়াতির ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে। তারা অবাক, এত বড় ঘটনা ঘটলেও কেন্দ্রীয় ব্যাংকের তদারকিতে তা ধরা পড়ল না! তাদের প্রশ্ন, তাহলে কি তদারকিতে কোনো ত্রুটিবিচ্যুতি আছে?পর্ষদ কেন্দ্রীয় ব্যাংককে পুরো তদারকি ও নজরদারি ব্যবস্থা পর্যালোচনার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে ব্যাংক খাতের ঝুঁকি ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা যাচাই করে দেখতে বলেছে। এসব পুনর্যাচাই করে পর্ষদকে লিখিত জানাতে হবে।কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় গতকাল বৃহস্পতিবার এসব বক্তব্য উঠে আসে বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। গভর্নর আতিউর রহমান এতে সভাপতিত্ব করেন। বেলা দেড়টায় পর্ষদের সভা শুরু হয়। হলমার্কের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়, ঘটনা ঘটেছে চার-পাঁচ মাসের মধ্যে। এর আগে বাংলাদেশ ব্যাংক একবার পরিদর্শন করে তাদের উদ্ঘাটিত তথ্য-উপাত্ত দিয়ে সোনালী ব্যাংককে বিষয়টি জানিয়েছিল। তার ভিত্তিতে সোনালী ব্যাংক কিছু ব্যবস্থাও নিয়েছিল।পর্ষদ সদস্যদের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ ব্যাংক প্রতিটি ব্যাংকের আর্থিক অবস্থা-সম্পর্কিত প্রতিবেদন ‘ক্যামেলস রেটিং’ তৈরি করে। তাতে দেখা যায়, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর অবস্থা ভালো নয়। কাজেই ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থায়ও বড় ত্রুটি আছে। উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে অর্থসচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ও তিনজন অর্থনীতিবিদ রয়েছেন।যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সাদিক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে জন্য আমরা পুরো ব্যাংক খাতের নিয়ন্ত্রণ ব্যবস্থা খতিয়ে দেখে করণীয় নির্ধারণ করতে চেয়েছি। এ জন্যই বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা প্রতিবেদন তৈরি করে পর্ষদে উপস্থাপন করতে।’সূত্র জানায়, পর্ষদ মত দিয়েছে, বাংলাদেশ ব্যাংক দেশের গোটা ব্যাংক খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। সরকারি না বেসরকারি মালিকানা—এটা দেখার কোনো সুযোগ নেই। সব ক্ষেত্রেই কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ও নিয়ন্ত্রণ একই হতে হবে।সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখাসহ আরও কয়েকটি শাখায় হলমার্ক এবং আরও কয়েকটি প্রতিষ্ঠান যে প্রায় চার হাজার কোটি টাকা জালিয়াতির মাধ্যমে নিয়ে গেছে, সে বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে পর্ষদ। বলেছে, এ ক্ষেত্রে ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ বা পর্ষদের কী দায় তা পরিষ্কার করে দেখাতে হবে। সরকারকেও পরামর্শ দিতে হবে মালিকপক্ষ হিসেবে পরিচালনা পর্ষদ কতটা দায়িত্ব পালন করবে। পর্ষদের মতে, রাষ্ট্রমালিকানাধীন হলেও এটা ব্যাংক খাতেরই অংশ। তাই আর্থিক খাতের এ ভাগে কোনো সমস্যা হলে তা গোটা খাতের ওপর গিয়ে পড়ে। ফলে সব জায়গাতেই সমান শাসন থাকতে হবে কেন্দ্রীয় ব্যাংকের। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দিয়ে নয়, বরং কেন্দ্রীয় ব্যাংককেই অধিক স্বায়ত্তশাসন দিয়ে ব্যাংক খাতে তদারকি ও নিয়ন্ত্রণ করতে হবে। পর্ষদের বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে হলমার্কের অর্থ আত্মসাতের সার্বিক বিষয় তুলে ধরা হয়। সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখায় অনিয়ম ছাড়াও যে ২৬টি ব্যাংকের ৫৪ শাখায় হলমার্কের স্বীকৃতি বিল কেনা হয়েছে, তার তথ্য পর্ষদকে দেওয়া হয়। এর জন্য জরুরি ভিত্তিতে ২৬ ব্যাংকের ৫৪ শাখায় বিশেষ পরিদর্শন পরিচালনা করে বাংলাদেশ ব্যাংক। আর্থিক অবস্থা: হলমার্কসহ ছয়টি প্রতিষ্ঠানের অনুকূলে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে প্রায় চার হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংকটির সম্পদ ব্যবস্থাপনার মান খারাপ হয়েছে। এতে করে ব্যাংকটির সার্বিক অবস্থা আগের তুলনায় খারাপ হয়েছে।বৈঠকে রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকের জুনভিত্তিক খেলাপি ঋণ, মূলধনের পর্যাপ্ততা, সম্পদের গুণগত মান, আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্যসহ সার্বিক আর্থিক পর্যালোচনা পর্ষদকে দেওয়া হয়।এতে দেখা যায়, ২০১১ সালের জুনে রাষ্ট্রীয় মালিকানার চারটি ব্যাংকেরই সংযুক্ত ক্যামেলস রেটিং ছিল ৩ বা মোটামুটি ভালো। এ বছর জুন শেষে সোনালী ব্যাংক সেই অবস্থান হারিয়ে ৪ বা প্রান্তিক পর্যায়ে নেমে গেছে। আর অন্য তিনটি ব্যাংক সংযুক্ত রেটিং না হারালেও তাদের অবস্থারও অবনতি হয়েছে।