বাংলাদেশ-ভারত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রসচিবেরা আজ মঙ্গলবার ঢাকায় বৈঠকে বসছেন। দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয়ের পাশাপাশি এবারের বৈঠকে গুরুত্ব পাবে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের প্রস্তুতি। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগস্টের শেষ দিকে ঢাকায় আসতে পারেন মনমোহন সিং। পররাষ্ট্র মন্ত্র্রণালয়ের কর্মকর্তারা জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজকের বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস আর ভারতের নেতৃত্ব দেবেন সে দেশের পররাষ্ট্রসচিব নিরুপমা রাও। বৈঠকে যোগ দিতে গতকাল সোমবার দুপুরে ঢাকায় এসেছেন নিরুপমা রাও। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্র্রণালয়ের দক্ষিণ এশিয়া অনু বিভাগের মহাপরিচালক মাশফি বিনতে শামস। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানায়, ভারতীয় লোকসভার বর্ষাকালীন অধিবেশন শেষে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। লোকসভার ওই অধিবেশন জুলাইয়ের মাঝামাঝি শুরু হয়ে মধ্য আগস্ট পর্যন্ত চলার কথা। সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২০০৫ সালে ঢাকায় আসেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।জানা গেছে, মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের আগে আগামী মাসে ঢাকায় আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা। ভারতের প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির অংশ হিসেবেই ঢাকায় আসবেন তিনি।পররাষ্ট্র মন্ত্র্রণালয়ের কর্মকর্তারা জানান, গত বছরের দিল্লি শীর্ষ বৈঠক ও সাম্প্রতিক সময়ে বিভিন্ন সচিব পর্যায়ের বৈঠকের সিদ্ধান্তও আজকের বৈঠকে পর্যালোচনা করা হবে। এ ছাড়া সীমান্তের অমীমাংসিত সমস্যা, অভিন্ন নদীর পানিবণ্টনে চুক্তি, নিরাপত্তা, বিদ্যুৎ ও বাণিজ্যসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বিশেষ করে ছিটমহল বিনিময়, অপদখলীয় জমি হস্তান্তর ও সীমানা চিহ্নিত করা, তিস্তার পানিবণ্টন চুক্তি সই বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে। কারণ, মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তার পানিবণ্টনে দীর্ঘ প্রতীক্ষিত চুক্তি সইয়ের পাশাপাশি কয়েক দশকের অমীমাংসিত সীমান্ত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া ভারতের দেওয়া ১০০ কোটি ডলারের ঋণচুক্তি বাস্তবায়ন নিয়ে বৈঠকে আলোচনা হবে। ইতিমধ্যেই বেশ কিছু প্রকল্প নির্বাচিত করে তার একটি তালিকা ভারতের কাছে পাঠানো হয়েছে। বৈঠকে এগুলোর অগ্রগতি নিয়েও আলোচনা হবে। বৈঠক শেষে কাল বুধবার সকালে নিরুপমা রাওয়ের ঢাকা ছাড়ার কথা রয়েছে। এর আগে ২০০৯ সালের নভেম্বরে বাংলাদেশ সফর করেন ভারতের পররাষ্ট্রসচিব। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের প্রস্তুতির অংশ হিসেবে তিনি সে সময় ঢাকায় আসেন।