বাংলাদেশ-ভারত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষ, ব্রিফিং সন্ধ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হয়ে শেষ হয় বেলা দেড়টার দিকে। সন্ধ্যা সাড়ে সাতটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এই বৈঠক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং করা হবে।এর আগে হোটেল রূপসী বাংলায় এক যৌথ সংবাদ সম্মেলনের কথা ছিল। বেলা সাড়ে তিনটায় ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাওয়ের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছে।বৈঠকে বাংলাদেশের নয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস।কূটনৈতিক সূত্রে জানা গেছে, দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয়ের পাশাপাশি এবারের বৈঠকে গুরুত্ব পেয়েছে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের প্রস্তুতি। আগস্টের শেষ দিকে মনমোহন সিং ঢাকায় আসতে পারেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা আগামী মাসে বাংলাদেশ সফরে আসবেন। পররাষ্ট্র মন্ত্র্রণালয়ের কর্মকর্তারা জানান, গত বছরের দিল্লি শীর্ষ বৈঠক ও সাম্প্রতিক সময়ে বিভিন্ন সচিব পর্যায়ের বৈঠকের সিদ্ধান্তও আজকের বৈঠকে পর্যালোচনা করা হয়। এ ছাড়া সীমান্তের অমীমাংসিত সমস্যা, অভিন্ন নদীর পানিবণ্টনে চুক্তি, নিরাপত্তা, বিদ্যুত্, বাণিজ্যসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ছিটমহল বিনিময়, অপদখলীয় জমি হস্তান্তর ও সীমানা চিহ্নিত করা, তিস্তার পানিবণ্টন চুক্তি সই বৈঠকে বিশেষ গুরুত্ব পায়। কারণ, মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তার পানিবণ্টনে দীর্ঘ প্রতীক্ষিত চুক্তি সইয়ের পাশাপাশি কয়েক দশকের অমীমাংসিত সীমান্ত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে। বৈঠক শেষে কাল বুধবার সকালে নিরুপমা রাওয়ের ঢাকা ছাড়ার কথা রয়েছে। ভারতের পররাষ্ট্রসচিব এর আগে ২০০৯ সালের নভেম্বরে বাংলাদেশ সফর করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের প্রস্তুতির অংশ হিসেবে তিনি সে সময় ঢাকায় আসেন।