সিপিডির সংলাপে বিনিয়োগ ও অন্যান্য সুবিধা বিবেচনার পরামর্শ
বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে এফটিএ যথেষ্ট নয়
বাংলাদেশ ও ভারতের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সুপারিশ করা হলেও নীতিনির্ধারক ও অর্থনীতিবিদেরা এতে সমর্থন দেননি। তাঁরা বরং পণ্যবাণিজ্যের পাশাপাশি সেবা খাত ও বিনিয়োগসহ অন্যান্য বিষয় বিবেচনায় নেওয়ার পক্ষে মত দিয়েছেন।বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্ক: নতুন সম্ভাবনা, নতুন চ্যালেঞ্জ’ শীর্ষক সংলাপে গতকাল বৃহস্পতিবার এই অভিমত প্রকাশ করা হয়। রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ সঞ্জয় কাঠুরিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেলিম রায়হান। মূল প্রবন্ধে বলা হয়, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে জোরদার অর্থনৈতিক সম্পর্ক গড়ে না উঠলে বাংলাদেশের পক্ষে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৮ শতাংশে স্থিতিশীল রাখা কঠিন হবে। ভারতের পক্ষ থেকে একমুখী শুল্কমুক্ত সুবিধার চেয়ে এফটিএ করলে অনেক বেশি রপ্তানি বাণিজ্য বাড়বে।অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী সাংবাদিকদের বলেন, এফটিএ করার সিদ্ধান্ত নেওয়ার আগে প্রাথমিক সমীক্ষা করতে হবে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে বিদ্যমান এফটিএর অভিজ্ঞতা বিশ্লেষণ করতে হবে। সংলাপে বাণিজ্যসচিব গোলাম হোসেন এ মুহূর্তে ভারতের সঙ্গে এফটিএ করার বিপক্ষে মত দেন। তিনি বলেন. ‘কেন আমরা ভারতের সঙ্গে এফটিএ করতে যাব? শুধু এফটিএ নয়, এর পাশাপাশি অন্য সুবিধা নিয়ে আলোচনা করা যেতে পারে।’ সংলাপের সঞ্চালক ও সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘শুধু এফটিএ করে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ দ্রুততর হবে না।’ এই দুই দেশের সম্পর্ক শুধু পণ্যবাণিজ্যের মধ্যে সীমিত না রেখে বাণিজ্য-সহায়তা, সেবাবাণিজ্য, বিনিয়োগ, পারস্পরিক যোগাযোগসহ সামগ্রিক বাণিজ্য কাঠামোতে নিয়ে যেতে হবে বলে তিনি মত দেন।আলোচনা: গওহর রিজভী জানান, বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে চিহ্নিত করার চেষ্টা হয়েছে। ইতিমধ্যে ভারতের কয়েকটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। তারা চায়, স্বচ্ছ বিনিয়োগ আইন ও লাভ করার মতো ব্যবসাবান্ধব পরিবেশ। তাঁর মতে, এত দিন রাজনৈতিক সদিচ্ছাকে দায়ী করে এ দুই দেশের বাণিজ্য পথ রুদ্ধ করে রাখা হয়েছে। এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে শুল্ক নয়, অশুল্ক বাধাই বড় প্রতিবন্ধক। ভারত একটি বড় বাজার, শক্তিশালী অর্থনীতির দেশ। সেই বাজারে প্রবেশাধিকার বা বাণিজ্য-সুবিধা থেকে বঞ্চিত হলে বাংলাদেশের বড় সুযোগ নষ্ট হবে। বিশ্বমন্দার প্রেক্ষাপটেও এটা গুরুত্বপূর্ণ। দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, এই দেশের বাণিজ্য বাড়াতে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। সম্প্রতি এই সদিচ্ছা দেখা গেছে। এটা এগিয়ে নিয়ে যেতে হবে। সাবেক মন্ত্রী ওসমান ফারুক বলেন, অনানুষ্ঠানিক বাণিজ্য সব সময় উপেক্ষিত থেকেছে। কেননা, এতে ভারত বেশি সুবিধা পায়। বাণিজ্য সম্প্রসারণে রাজনীতির চেয়ে অর্থনৈতিক বিষয়গুলো প্রাধান্য দিতে হবে। তিনি মত দেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে তৈরি পোশাক ছাড়া আর কোনো পণ্যই প্রতিযোগী সক্ষম হবে না। সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান বলেন, ‘ভারতের শুল্কমুক্ত সুবিধা আমাদের জন্য একটি বড় সুযোগ। বাংলাদেশের এই সুযোগ নেওয়া উচিত। তবে এই দুই দেশের বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণে রাজনীতিকে উপেক্ষা করা সম্ভব নয়।’ বাণিজ্য বাড়াতে অবকাঠামো বিশেষত স্থলবন্দরগুলোর উন্নয়নের ওপর জোর দেন সাবেক সচিব সোহেল আহমেদ চৌধুরী।বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা মজিবুর রহমান বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য আনা-নেওয়ার জন্য সমুদ্রবন্দর, সড়ক ও রেলপথ ব্যবহার করতে দিলে বাংলাদেশ ২০ থেকে ৩০ কোটি ডলার আয় করতে পারবে। আর ভারতের ৩০০ কোটি ডলার আয় হবে।সঞ্জয় কাঠুরিয়া জানান, উভয় দেশের মধ্যে রাজনৈতিক সম্পৃক্ততা বেড়েছে। এখন দরকার অর্থনৈতিক সম্পৃক্ততা। কেননা সম্পর্কের ওপর নির্ভর করে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, বাজার-সুবিধা ইত্যাদি। গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী জানান, মাওবাদী ও উলফাকে নিয়ন্ত্রণ করতে বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ট্রানজিট নিতে চাইছে ভারত। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়াতে সময় বেঁধে দিয়ে লক্ষ্য অর্জনে কাজ করার পরামর্শ দেন সাবেক প্রতিমন্ত্রী আবুল হোসেন চৌধুরী।আলোচনায় আরও অংশ নেন ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান মোস্তফা আবিদ, সিপিডির সিনিয়র গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম, বাংলাদেশ-ভারত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব জাহাঙ্গীর বিন আলম প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।