বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন চুক্তি সই
ভারত থেকে বিদ্যুৎ আমদানির অবকাঠামো নির্মাণের অংশ হিসেবে দুই দেশের মধ্যে ৩৫ বছর মেয়াদি বিদ্যুৎ সঞ্চালনের একটি চুক্তি সই হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে সঞ্চালন লাইনের ভারতীয় অংশ নির্মাণের জন্য এই চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সচিব আজিজুল ইসলাম এবং ভারতের পক্ষে পাওয়ার গ্রিড কোম্পানি অব ইন্ডিয়া লিমিটেডের (পিজিসিআইএল) নির্বাহী পরিচালক (বাণিজ্যিক) অরুণ কুমার চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এই চুক্তি সইয়ের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্ব ভিন্ন মাত্রা পেল, পাশাপাশি এর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা ও জ্বালানি বাণিজ্যের নতুন ক্ষেত্র তৈরি হলো। অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, এই ছোট্ট একটি চুক্তি স্বাক্ষর আঞ্চলিক সহযোগিতার বিরাট অগ্রযাত্রার সূচনা করল।চুক্তি অনুযায়ী, বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য পিজিসিআইএল পশ্চিমবঙ্গের বহরমপুর পর্যন্ত ৪০ কিলোমিটার ৪০০ কেভি সঞ্চালন লাইন তৈরি করবে। এই লাইনে বিদ্যুৎ সঞ্চালনের জন্য দাম (হুইলিং চার্জ) নির্ধারণ করবে ভারতের কেন্দ্রীয় এনার্জি রেগুলেটরি কমিশন। লাইনটির বাণিজ্যিক ব্যবহার শুরুর দিন থেকে ওই দাম কার্যকর হবে। পিডিবি মাসিক ভিত্তিতে ওই দাম পরিশোধ করবে। পরিশোধে ৬০ দিনের বেশি বিলম্ব হলে তা জরিমানাসহ পরিশোধ করতে হবে।বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, বাংলাদেশে ভারতীয় উপ-হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য। পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির অনুষ্ঠান পরিচালনা করেন।