বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে ইছামতী নদীর সংস্কার শুরু
বাংলাদেশ ও ভারত সীমান্ত দিয়ে প্রবাহিত ইছামতী নদী সংস্কারের কাজ গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। নদীতে পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় প্রতিবছরই এর দুই পারে অর্থাত্ দুই দেশেই বন্যা হয়। এই সমস্যার সমাধান করতে বাংলাদেশ ও ভারত নদীটির সংস্কার করতে এই যৌথ উদ্যোগ নিয়েছে।গতকাল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার গাইঘাটা থানার চকঝাউডাঙ্গায় শুরু হয় নদীর খননকাজ। এ কাজ উদ্বোধনের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোতাহার হোসেন আর ভারতের পক্ষে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সেচ দপ্তরের নির্বাহী প্রকৌশলী সুমন্ত চট্টোপাধ্যায়। দুটি ড্রেজার দিয়ে গতকাল নদীর খননকাজ শুরু হয়। এরপর এ কাজে আরও ১০টি ড্রেজার যুক্ত করা হবে। এবার খনন করা হবে গাইঘাটা থানার কালাঞ্চি থেকে কর্ণবেড়িয়া পর্যন্ত মোট ২১ কিলোমিটার নদী। এটি সম্পন্ন হবে দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ে হবে কর্ণবেড়িয়া থেকে পিপলি পর্যন্ত। এই কাজ শেষ হবে ১৫ জুলাইয়ের মধ্যে। দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে নভেম্বর মাসে। এ কাজের জন্য ভারতের কেন্দ্রীয় সরকার ৩৫ কোটি ৬৮ লাখ রুপি বরাদ্দ করেছে।