বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নতি হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত সরকারগুলোর সময় বাংলাদেশ-ভারত সম্পর্ক টানাপোড়েনের ভেতর দিয়ে এগিয়েছে। গত বছরের জানুয়ারিতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই সম্পর্ক ইতিবাচক মোড় নিতে শুরু করেছে বলে পর্যবেক্ষকেরা বলছেন।১০ জানুয়ারি প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন। তিস্তার পানি বণ্টন ও ভারতের কাছ থেকে বিদ্যুত্ কেনাসহ বেশ কিছু বিষয় নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা ও চুক্তি হবে। এ পরিস্থিতিতে প্রথম আলোর জনমত জরিপে প্রশ্ন করা হয়েছিল, ভারত-বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবস্থাকে কে কীভাবে দেখছে।নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ-ভারত সম্পর্কের অবস্থা কেমন—এ প্রশ্নের জবাবে ৭৬ শতাংশ উত্তরদাতা বলেন, দুই দেশের সম্পর্কের উন্নতি হয়েছে। ১২ শতাংশের মতে, একই রকম আছে ও ৮ শতাংশের মতে, সম্পর্ক আরও খারাপ হয়েছে। ৩ শতাংশ বলেছেন, কিছু জানেন না। শহুরে উত্তরদাতাদের মধ্যে ৭৩ শতাংশ ভারত-বাংলাদেশ সম্পর্ক আগের চেয়ে ভালো, ১৫ শতাংশ একই রকম ও ৮ শতাংশ খারাপ হয়েছে বলে জানিয়েছেন। গ্রামীণ উত্তরদাতাদের মধ্যে ৭৭ শতাংশ মনে করেন, সম্পর্কের উন্নতি হয়েছে। ১১ শতাংশের মতে, একই রকম, ৮ শতাংশ অবনতি হয়েছে বলে মত দিয়েছেন। নারী ও পুরুষ উত্তরদাতাদের মধ্যে যথাক্রমে ৭৯ ও ৭৪ শতাংশ সম্পর্ক উন্নতি হওয়ার পক্ষে ও ১৩ ও ১১ শতাংশ অপরিবর্তিত এবং ৭ ও ৯ শতাংশের মতে, অবনতি হয়েছে। বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান অবস্থাকে সমর্থন করেন কি না, এ প্রশ্নের জবাবে ৪০ শতাংশ পরিপূর্ণভাবে ও ৪০ শতাংশ কিছু কিছু ক্ষেত্রে সমর্থন করেন বলে জানিয়েছেন। ৮ শতাংশ পক্ষে-বিপক্ষে কোনো দিকেই মত দেননি। কিছু কিছু ক্ষেত্রে সমর্থন করেন না ৮ ও পুরোপুরিভাবে সমর্থন করেন না ৩ শতাংশ উত্তরদাতা।শহুরে উত্তরদাতাদের মধ্যে ৪৪ শতাংশ পুরোপুরি ও ৩৪ শতাংশ কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান অবস্থাকে সমর্থন করেন। ১০ শতাংশ পক্ষে-বিপক্ষে কোনো দিকেই মত দেননি। ৬ শতাংশ কিছু কিছু ক্ষেত্রে ও ৫ শতাংশ পুরোপুরি সমর্থন করেন না। গ্রামীণ উত্তরদাতাদের মধ্যে ৩৯ শতাংশ পুরোপুরি ও ৪২ শতাংশ কিছু কিছু ক্ষেত্রে সমর্থন করেন। ৭ শতাংশ উত্তরদাতা কোনো দিকেই মত দিতে রাজি হননি।পুরুষ উত্তরদাতাদের মধ্যে ৪১ শতাংশ পুরোপুরি ও ৩৯ শতাংশ কিছু কিছু ক্ষেত্রে দুই দেশের সম্পর্কের বর্তমান অবস্থাকে সমর্থন করেন। ৮ শতাংশ মত দেননি। ৯ শতাংশ মনে করেন, বর্তমান সম্পর্কের ধরন ঠিক নেই। নারীদের মধ্যে ৪০ শতাংশ পুরোপুরি ও ৪০ শতাংশ কিছু কিছু ক্ষেত্রে সমর্থন করেন তবে ৭ শতাংশ মতামত দেননি।