সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব
বাংলাদেশ-ভারত সীমান্তে অপদখলীয় জমির জরিপ চলছে, হস্তান্তর নয়
পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস বলেছেন, বাংলাদেশ-ভারত সীমান্তে অপদখলীয় জমির সর্বশেষ পরিস্থিতি দেখতে জরিপ চলছে। এ জরিপ চালানোর সময় এখনই কোনো জমি হস্তান্তর করা হচ্ছে না। তিনি আজ শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। সিলেটের তামাবিল সীমান্তে জনগণের প্রতিরোধের মুখে জরিপ কাজ বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।মিজারুল কায়েস বলেন, সীমান্তের দীর্ঘদিনের সমস্যা ছিটমহল বিনিময়, অপদখলীয় জমি হস্তান্তর ও অচিহ্নিত সাড়ে ছয় কিলোমিটার সীমানা চিহ্নিত করতে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় অপদখলীয় জমিগুলো কোথায়, কী অবস্থায় আছে—তা দেখতে সমীক্ষা চালানোর সিদ্ধান্ত হয়েছে। সমীক্ষার অংশ হিসেবে তামাবিলসহ ভারতের সঙ্গে সীমান্তের যেসব জায়গায় অপদখল আছে তাতে জরিপ চলছে। পররাষ্ট্রসচিব জানান, জরিপের মূল লক্ষ্য হচ্ছে অপদখলীয় জমিগুলোতে আর্থ-সামাজিক কী ধরনের পরিস্থিতি আছে সেগুলো পর্যালোচনা করা। এরই অংশ হিসেবে এ কাজ চলছে। জরিপ শেষে একটি প্রতিবেদন দেওয়ার পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে। কাজেই এখন কোনো জমি হস্তান্তর হচ্ছে না। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরের সময় বিষয়টির সুরাহা হবে কি না জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, ‘আমরা তো আসন্ন সফরের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। কারণ, এ ধরনের ঐতিহাসিক সফরের সময় বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। কাজেই তিস্তার পানিবণ্টন চুক্তি সই, ঋণ সহায়তা চুক্তির বাস্তবায়ন ও সীমান্তের অমীমাংসিত সমস্যার ব্যাপারে আমরা যথেষ্ট আশাবাদী।’ মিজারুল কায়েস জানান, দুই পক্ষের সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা আগামী ৬ থেকে ৮ জুলাই ঢাকা সফরে আসবেন। এ ছাড়া অটিজম-বিষয়ক একটি সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসবেন ভারতের ক্ষমতাসীন জোট সরকারের প্রধান শরিক কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধী।