বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যে গতি আনতে দুই দেশের বাণিজ্যমন্ত্রীরা গতকাল শনিবার নয়াদিল্লিতে দুটি চুক্তিতে সই করেছেন। একটি চুক্তি অনুযায়ী সীমান্তের শূন্যরেখা বরাবর দুটি সীমান্ত হাট বসবে। অন্য চুক্তি অনুযায়ী এক দেশের পণ্যবাহী ট্রাক সরাসরি অন্য দেশের সীমান্ত পেরিয়ে মূল ভূখণ্ডের ২০০ মিটার পর্যন্ত ভেতরে আসতে পারবে।জানা গেছে, নতুন চুক্তি সইয়ের ফলে এখন থেকে দুই দেশই অন্য দেশের ট্রাককে সীমান্ত পেরিয়ে ২০০ মিটার পর্যন্ত যেতে দেবে। এরপর ট্রাকগুলো সেখানকার নিকটবর্তী গুদামে মাল খালাস করতে পারবে। ফলে সীমান্তের শূন্যরেখায় পণ্যবাহী ট্রাক থেকে মাল খালাস করা নিয়ে যে সমস্যা সৃষ্টি হতো, তা কাটিয়ে ওঠা সম্ভব হবে।‘সীমান্ত হাট’ চালুর বিষয়ে সম্পাদিত চুক্তিতে বলা হয়েছে, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউয়ারঘর (ভারতের কালিয়াচর) এবং কুড়িগ্রাম জেলার বাজিতপুর উপজেলার বালিয়াবাড়িতে (ভারতের নলিয়াকাটা) হাট দুটি বসবে। সপ্তাহে এক দিন করে হাট বসবে। বৈদেশিক বাণিজ্যনীতি ও আইন মেনেই সীমান্তরেখার দুই পাশে বসবে এই হাট। এখানে ব্যবসায়ীদের কাছ থেকে কোনো কর আদায় করা হবে না। একজন ব্যবসায়ী দিনে ৫০ মার্কিন ডলারের বেশি পণ্য কেনাবেচা করতে পারবেন না। বাংলাদেশি ও ভারতীয় মুদ্রায় পণ্য কেনাবেচা করা যাবে। সীমান্ত হাটে বিক্রির জন্য ১৩টি স্থানীয় স্তরে উৎপাদিত ও তৈরি কৃষিপণ্য, হস্তশিল্প, ফুল, শুকনো মাছ, গামছা, লুঙ্গি, কাঠের জিনিস, কৃষি যন্ত্রপাতি প্রভৃতি চিহ্নিত করা হয়েছে। পুরো হাটের নিরাপত্তা ও তত্ত্বাবধানে যৌথভাবে থাকবে বিডিআর ও বিএসএফ।বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসেই সীমান্ত হাট দুটি চালু হয়ে যাবে।বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ফারুক খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদল চার দিনের সফরে গত বৃহস্পতিবারই দিল্লি এসেছে। প্রতিনিধিদলে সরকারি কর্মকর্তারা ছাড়া বাংলাদেশের বিভিন্ন চেম্বারের প্রতিনিধিরা আছেন। গতকাল দুই দেশের বাণিজ্যমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের অনুরোধে ভারত বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের স্বার্থে তুলা রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি হয়েছে। ভারতের বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, এ বছরের অক্টোবর মাস থেকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ এক কোটি ৭০ লাখ পিস পোশাক শুল্কমুক্তভাবে ভারতে রপ্তানি করতে পারবে। তিনি জানান, ভারত প্রতিশ্রুতি অনুযায়ী তিন লাখ টন সেদ্ধ চাল ও দুই লাখ টন গম রপ্তানির বিষয়টিও ত্বরান্বিত করবে।প্রতিক্রিয়া: ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাতলুব আহমাদ প্রথম আলোকে বলেছেন, সীমান্ত হাট এবং ভারত-বাংলাদেশ স্থল সীমান্তের ২০০ মিটার এলাকার মধ্যে দুই দেশের পণ্যবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ায় উভয় দেশের ব্যবসায়ীরাই লাভবান হবেন। এতে দুই দেশের সীমান্তের গুদামে পণ্য খালাস ও উত্তোলনকাজ সহজ হবে। আমদানি খরচ কমবে। তিনি বলেন, ‘আমাদের দেশেই বেশি করে ভারতীয় পণ্য আমদানি করতে হয়। ফলে ওই চুক্তি হওয়ায় আর্থিক দিক থেকে আমরাই বেশি লাভবান হব। আমাদের আমদানি খরচ কমবে।’মাতলুব আহমাদ আরও বলেন, সীমান্ত হাট দুটি খোলায় সীমান্ত এলাকার গরিব জনসাধারণ উপকৃত হবে। কেননা, ওই দুটি সীমান্ত এলাকায় আগে থেকেই দুই দেশের মানুষের মধ্যে যাতায়াত ছিল। এবার সেখানে প্রকাশ্য হাটে পণ্য বিক্রি করার অনুমতি থাকায় সীমান্ত এলাকার দুই দেশের মানুষ বেশ কিছু পণ্য কেনাবেচার সুযোগ পাবে।