বাংলাদেশ-ভারত সীমান্তে রাতের বেলায় লোক চলাচল নিষিদ্ধ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে ভারতের মতো বাংলাদেশও সীমান্ত এলাকায় রাতের বেলায় লোক চলাচল নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। আজ রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সীমান্তসংক্রান্ত এক আন্তমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। বৈঠকে আরও বলা হয়, এর পরও কেউ যদি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলির শিকার হয়, তার দায়-দায়িত্ব সরকারের ওপর বর্তাবে না।সভায় বাংলাদেশ-ভারত সীমান্তের ১৫০ গজের মধ্যে যেসব জায়গায় ভারতের কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বিরোধ রয়েছে, তা নিষ্পত্তির জন্য অচিরেই জয়েন্ট বাউন্ডারি গ্রুপের বৈঠক অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করা হয়। ভারতের সঙ্গে বিভিন্ন ভূখণ্ড নিয়ে যেসব বিরোধ রয়েছে, তা ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তির আলোকে নিষ্পত্তি করার ব্যাপারেও এ বৈঠকে সিদ্ধান্ত হয়।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার এবং বিডিঅারের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম।