বাংলাদেশ-ভারতের অমীমাংসিত বিষয় সমাধানে খালেদার আহ্বান
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশ-ভারতের মধ্যে বিদ্যমান অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন। এতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি মনে করেন। খালেদা জিয়া আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ সফররত ভারতের উপরাষ্ট্রপতি এম হামিদ আনসারীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে যান। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের এ বিষয়ে জানান। শমসের মবিন চৌধুরী বলেন, বৈঠককালে খালেদা জিয়া দুই দেশের জনগণের সম্পর্ক উন্নয়নের জন্য সীমান্ত ও পানি সমস্যার সমাধান এবং বাণিজ্য ঘাটতি কমানোর জন্য কার্যকর পদক্ষেপ নিতে ভারতের উপরাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান। এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবিহ উদ্দিন আহমেদ, রিয়াজ রহমান প্রমুখ।