বাংলাদেশ-ভারতের বিমানবাহিনীর প্রশিক্ষণ বিনিময়ের আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান বাংলাদেশ ও ভারতের বিমানবাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণ সুবিধা বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেছেন।ভারতের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ন্যাক ব্রাউন আজ সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি এ কথা বলেন।রাষ্ট্রপতি ভারতের বিমানবাহিনী প্রধানকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে বলেন, বর্তমানে দুই প্রতিবেশীর মধ্যে চমত্কার সম্পর্ক বিরাজ করছে। তিনি বলেন, ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ বিমানবাহিনীর উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তা ভারতে প্রশিক্ষণ নিয়েছেন। একইভাবে ভারতের অনেক কর্মকর্তাও বাংলাদেশে প্রশিক্ষণ নিয়েছেন।মার্শাল ব্রাউন তাঁকে সময় দেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, দুই দেশের বিমানবাহিনীর কর্মকর্তাদের মধ্যে প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা-বিনিময় ভবিষ্যতেও অব্যাহত থাকবে।রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব, বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণ, এয়ার কমোডর এস সি চাফেকার, উইং কমান্ডার জি গ্যালওয়ে ও এয়ার কমোডর আনিসুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাসস।