বাংলাদেশ-ভারতের মধ্যে দুই চুক্তি সই (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে আজ সোমবার বিকেল চারটার দিকে দুটি চুক্তি সই হয়েছে। রাজধানীর হোটেল রূপসী বাংলায় এই চুক্তি সইয়ের সময় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে এ সময় উপস্থিত ছিলেন। চুক্তি দুটি হলো: পালিয়ে থাকা অপরাধীদের হস্তান্তরের লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে ‘বহিঃসমর্পণ চুক্তি’ এবং সংশোধিত ভিসাব্যবস্থাবিষয়ক (রিভাইজড ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট বা আরটিএ) দলিল। এতে পর্যটক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ দুই দেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাল্টিপল ভিসা চালুসহ বিদ্যমান ভিসা-প্রক্রিয়া সহজ হবে। মহীউদ্দীন খান আলমগীর ও সুশীল কুমার সিন্ধে বেলা আড়াইটার দিকে বৈঠকে বসেন। বিকেল চারটা পর্যন্ত বৈঠক চলে। এতে ভারতের ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সুশীল কুমার সিন্ধে। বাংলাদেশের পক্ষে ১৭ সদস্যের দলের নেতৃত্ব দেন মহীউদ্দীন খান আলমগীর। সকালে ঢাকায় পৌঁছান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে দুই দিনের সফরে আজ সকালে ঢাকায় পৌঁছান। তাঁকে বহনকারী বিশেষ বিমানটি সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর তাঁকে স্বাগত জানান।সফরকালে সুশীল কুমার সিন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাত্ করবেন।