বাংলাদেশ-ভারতের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফররত ভারতের সেনাপ্রধান জেনারেল বিজয় কুমার সিং বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর সক্ষমতা আরও জোরদারে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা-বিনিময় বাড়িয়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।আজ সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাত্কালে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান বঙ্গভবনে তাঁকে স্বাগত জানান এবং ১৯৭১ সালে দেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অবদানের কথা স্মরণ করেন। তিনি দেশের স্বাধীনতাযুদ্ধে জেনারেলের সিংয়ের সাহসী ভূমিকা ও ব্যক্তিগত অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানান।জেনারেল সিং ভারতীয় সেনাবাহিনীর অন্যতম সদস্য যিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজারে যুদ্ধ করেছেন। ১৯৭০ সালে তিনি রাজপুত রেজিমেন্টে কমিশনপ্রাপ্ত হন।ভারতের সেনাপ্রধান ১৯৭১ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ প্রদানে অংশ নিয়েছিলেন বলে রাষ্ট্রপতিকে অবহিত করেন। নভেম্বর থেকে তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি বলেন, ১৯৭২ সালের পর তিনি একাধিকবার বাংলাদেশ সফর করেন। যতবার সফরে এসেছেন, ততবার এ দেশের উন্নতি ও সমৃদ্ধি প্রত্যক্ষ করেছেন।সাক্ষাতের সময় বাংলাদেশে ভারতের হাইকমিশনার রজিত মিত্তার, ভারতের সেনাপ্রধানের সফরসঙ্গীরা এবং রাষ্ট্রপতি কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ: ভারতের সেনাপ্রধান জেনারেল বিজয় কুমার সিং শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ঢাকায় তাঁর আনুষ্ঠানিক সফর শুরু করেন। তিনি আজ সোমবার সকালে ঢাকা ক্যান্টনমেন্টে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ শেষে ভারতের সেনাপ্রধান সেনাকুঞ্জে যান। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। জেনারেল সিং গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি সেনাকুঞ্জে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এম আবদুল মুবিনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশে সেনাসদর দপ্তরে যান। সেখানে উভয়ের আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক ও অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে। বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানের এ বৈঠকের মাধ্যমে দুই দেশের সামরিক পর্যায়ে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।জেনারেল ভি কে সিং বাংলাদেশে পাঁচ দিনের সরকারি সফরে গতকাল রোববার ঢাকা আসেন। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ভারতী সিং ও ভারতের চার সিনিয়র সেনা কর্মকর্তা। তিনি চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠেয় ৬৪তম লং কোর্স ও ৩৫তম বিশেষ কোর্সের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমানে জেনারেল সিং এই সফরে আসেন। তিনি ২৩ জুন ঢাকা ত্যাগ করবেন। বাসস।