বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে: চীনের ভাইস প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বাংলাদেশের প্রশংসা করে বলেছেন, দেশটি পরিকল্পনামাফিক সুন্দরভাবে মধ্যম আয়ের দেশে পরিণত হতে চলছে।ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং আজ সোমবার হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। তিনি দুই দিনের সফরে আজ ঢাকা পৌঁছেছেন।শি জিনপিং বলেন, অতীতের মতো ভবিষ্যতেও বাংলাদেশের প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে। তিনি দুই দেশের বৃহত্তর স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্যের পাশাপাশি অংশীদারি গভীরতর করার ওপর গুরুত্বারোপ করেন।বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ককে ঐতিহাসিক অভিহিত করে জিনপিং বলেন, ‘৩৫ বছরের কূটনৈতিক বন্ধনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে পারি।’চীনের ভাইস প্রেসিডেন্ট তাঁকে আন্তরিক অভ্যর্থনা জ্ঞাপন ও উষ্ণ আতিথেয়তার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। ‘আমরা নির্ভরযোগ্য ও ভালো বন্ধু এবং আমাদের অন্তর একই সুতায় গাঁথা’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের পূর্বসূরিদের রোপিত সম্পর্কের এই বীজ বছরের পর বছর ধরে সুসংহত রয়েছে।’প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফরের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নবদিগন্তের সূচনা হয়েছে।বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির নেতারা চীন এবং সে দেশের জনগণকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অভিহিত করে উভয় দেশের সরকারকে দুই দেশের সহযোগিতার সম্পর্ক সম্প্রসারণে আহ্বান জানান।সমিতির নেতারা বঙ্গোপসাগরে গভীর সমুদ্রবন্দর নির্মাণ ও বাংলাদেশ ও চীনের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে চীনের সহযোগিতা কামনা করেন।বৈঠকে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সমিতির সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। আর চীনের ভাইস প্রেসিডেন্টের সফরসঙ্গীরা এতে অংশ নেন।বাংলাদেশ ও চীন চলতি বছর কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩৫ বছর উদযাপন করবে। উল্লেখ্য, ১৯৭৫ সালের ৪ অক্টোবর বাংলাদেশ ও চীনের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। সে সময় থেকে দুই দেশের মধ্যকার সম্পর্ক ও সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং রাজনীতি, অর্থনীতি, সামরিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে এ সহযোগিতার সাফল্য অর্জিত হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে তিনটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। এ দুই দেশের শীর্ষ বৈঠকে পারস্পরিক অর্থনৈতিক স্বার্থে যোগাযোগের (কানেকটিভিটি) ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।