বাংলাদেশ-মিয়ানমারের সমুদ্রসীমা চিহ্নিত হবে দুই পদ্ধতির সমন্বয়ে
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্রসীমা বিরোধ নিরসনের পদ্ধতি নিয়ে একমত হয়েছে দুই দেশের প্রতিনিধিদল। সমদূরত্ব ও ন্যায্যভিত্তিক—এই দুই পদ্ধতির সমন্বয়ে দুই দেশের সমুদ্রসীমা বিরোধ নিরসন করা হবে। গতকাল শনিবার চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে দ্বিতীয় ও শেষ দিনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে বাংলাদেশের প্রতিনিধিদলের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, সমদূরত্ব ও ন্যায্যভিত্তিক—এই দুই পদ্ধতির সমন্বয়ে দুই দেশের সমুদ্রসীমা বিরোধ নিরসনে দুই পক্ষই একমত হয়েছে। এ জন্য দ্বিপক্ষীয় আলোচনা অব্যাহত থাকবে। আগামী এপ্রিলের মধ্যে মিয়ানমারে পরবর্তী দ্বিপক্ষীয় বৈঠক হবে। বৈঠক সূত্রে জানা গেছে, সমদূরত্ব ও ন্যায্যভিত্তিক—এই দুই পদ্ধতির সমন্বয় কীভাবে করা হবে, তা নিয়ে পরবর্তী দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনা হবে। মিয়ানমারে অনুষ্ঠেয় ওই বৈঠকে সমন্বয়ের কারিগরি দিক ঠিক করা হবে।গত শুক্রবার বৈঠক শুরুর প্রথম দিন বাংলাদেশের প্রতিনিধিদল ন্যায্যতার ভিত্তিতে সমুদ্রসীমা সমাধানের প্রস্তাব দেয়। তবে মিয়ানমার সমদূরত্ব নীতি অনুসরণ করে সমুদ্রসীমা বিরোধ নিরসনের উল্টো প্রস্তাব দেয়। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টায় বৈঠক শুরুর চার ঘণ্টার মাথায় দুই দেশের প্রতিনিধিদল সমস্যা সমাধানের পদ্ধতি নির্ধারণ করে।গতকালের বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ পা থান উ সাংবাদিকদের বলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। সমস্যা নিরসনে আলোচনা অব্যাহত থাকবে।মিয়ানমারের ১৩ সদস্যের প্রতিনিধিদলে নেতৃত্ব দেন উপপররাষ্ট্রমন্ত্রী ইউ মং মিং। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে অংশ নেন মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অনুপ কুমার চাকমা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আবদুল হাই, পরিচালক মো. শাহ আহমেদ, মো. তরিকুল ইসলাম।১৯৭৪ সালে মিয়ানমার ও বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ নিয়ে প্রথম বৈঠক হয়। দীর্ঘ বিরতির পর ২০০৮ সালে নতুন করে আলোচনা শুরু হয়। গত অক্টোবরে সমুদ্রসীমা বিরোধ নিয়ে জাতিসংঘে নালিশ জানায় বাংলাদেশ। এর পরই আলোচনায় বসার আগ্রহ দেখায় মিয়ানমার। মিয়ানমারের এই আগ্রহ দেখানোর পর বিরোধ নিরসনে দুই পক্ষ এ বৈঠকে বসে।