বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত
সন্ত্রাসবাদ দমন, দুর্যোগ ব্যবস্থাপনা, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমসহ নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ আশাবাদের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রথম নিরাপত্তা সংলাপ।আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশের ২১ সদস্যের নেতৃত্ব দেন অতিরিক্ত পররাষ্ট্রসচিব মুস্তাফা কামাল। আর যুক্তরাষ্ট্রের ১১ সদস্যের নেতৃত্ব দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক সামরিক-বিষয়ক সহকারী মন্ত্রী অ্যান্ড্রু জে শ্যাপিরো। সকালে এ সংলাপের উদ্বোধন করেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস।বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে কোনো সংবাদ সম্মেলন করা হয়নি। দুই পক্ষের কর্মকর্তারা আলোচনা শেষে সভাস্থল ত্যাগের সময় সাংবাদিকদের এড়িয়ে যান। তবে ব্যতিক্রম ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ। সাংবাদিকদের প্রবল অনুরোধের পর তিনি বৈঠক সম্পর্কে কথা বলতে রাজি হন।কামাল উদ্দিন আহমেদ বলেন, সন্ত্রাসবাদ দমন, দস্যুতা প্রতিরোধ, কোস্ট গার্ডের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা—এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এসব ছাড়াও নিরাপত্তার বিভিন্ন বিষয়ে ভবিষ্যতে সহযোগিতা কীভাবে সম্প্রসারণ করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় মার্কিন দূতাবাস বৈঠক শেষে পৃথক পৃথক বিবৃতি প্রচার করেছে।